রাজশাহীতে বিমানে যান্ত্রিক ত্রুটি, ফ্লাইট বাতিল

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২১:৫৮

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরে উড্ডয়নের সময় বাংলাদেশ বিমানে যান্ত্রিক ত্রুটির ফলে শনিবার ওই বিমানের ফ্লাইট বাতিল করা হয়েছে। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্র জানায়, বেলা ২টা ৩০ মিনিটের দিকে বাংলাদেশ বিমান (বাংলাদেশ- ৪৯২) ঢাকা থেকে যাত্রী নিয়ে রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরে অবতরণ করে। রাজশাহী থেকে প্রায় ৭৪ জন যাত্রী নিয়ে বিকেল ৩টার দিকে ঢাকার উদ্দেশ্যে উড্ডয়নের সময় বিমানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়। দুইবার চেষ্টা করেও বিমানটি উড্ডয়ন করতে না পারলে পরে যাত্রা বাতিল করা হয়। ঢাকা থেকে প্রকৌশলী এসে বিমানের ত্রুটি সারানোর কথা রয়েছে। রাজশাহীর শাহ্ মখদুম বিমানবন্দরের ম্যানেজার বলেন, যান্ত্রিক গোলযোগের কারণে বাংলাদেশ বিমানের ঢাকামুখী একটি ফ্লাইট বাতিল করা হয়েছে।