সাতক্ষীরা প্রতিনিধি
সাতক্ষীরার আশাশুনিতে রবিবার সড়ক দুর্ঘটনায় ইঞ্জিন ভ্যানচালক শাহ জামাল নিহত হয়েছে। উপজেলার খাজরা ইউনিয়নের তুয়ারডাঙ্গা মন্দিরের পাশে এ দুর্ঘটনা ঘটে। নিহত শাহ জামাল খাজরা ইউনিয়নের দক্ষিণ গদাইপুর গ্রামের আব্দুল গাজীর ছেলে। আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার নাথ জানান, শাহ জামাল খাজরা বাজার থেকে ধানের বিচলি নিয়ে ইঞ্জিন ভ্যান চালিয়ে বাড়িতে আসার সময় তুয়ারডাঙ্গা নামক স্থানে পৌঁছালে ভ্যানটি উল্টে যায়। এতে নিজের গাড়ির তলায় পড়ে ঘটনাস্থলেই জামাল নিহত হন। লাশ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
নির্মাণাধীন ভবন থেকে পড়ে শ্রমিক নিহত
সাতক্ষীরায় নির্মাণাধীন ১০তলা চিফ জুডিশিয়াল ভবন থেকে পড়ে জুয়েল হোসেন নামে এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। রবিবার সকালে এ ঘটনা ঘটে। নিহত জুয়েল যশোর জেলার বাঘারপাড়া গ্রামের শাহিদুল্লার ছেলে। সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, সকালে নির্মাণাধীন ১০তলা চিফ জুডিশিয়াল ভবনে কাজ করার সময় জুয়েল পড়ে গিয়ে গুরুতর আহত হয়। এরপর তাকে দ্রুত সাতক্ষীরা সদর হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন। লাশের ময়না তদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।
