পঞ্চগড়ে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত দুই আহত পাঁচ

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২২:০২

পঞ্চগড় প্রতিনিধি

শনিবার সন্ধ্যায় পঞ্চগড়ে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দু’জন নিহত ও পাঁচজন আহত হয়েছেন। নিহতরা হলেন ট্রাক্টর চালক মনছুর আলী(৪২) ও হেলপার ছত্রিশ চন্দ্র(৩৮)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, পঞ্চগড়-ঢাকা মহাসড়কের পাইকপাড়া এলাকায় ইট বোঝাই একটি ট্রাক্টরের সামনের চাকা খুলে যায়। এতে ট্রাক্টরটি সড়কের পাশে একটি পুকুরে উল্টে গেলে চালক ও হেলপার নিহত হন। অপরদিকে পঞ্চগড় শহরের ব্যারিস্টার বাজারে ট্রাকের ধাক্কায় মোটর সাইকেল আরোহী পঞ্চগড় নতুনবস্তি এলাকার কসমেটিকস ব্যবসায়ী আব্দুস সালাম ও তার স্ত্রী মুন্নী আখতার গুরুতর আহত হন। তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এদিকে জেলার সদর উপজেলার সাতমেরা ইউনিয়নের ময়নাগুড়ি ক্যাম্পের সামনে ট্রাকের ধাক্কায় ভ্যানের তিন যাত্রী আহত হয়েছেন।