গলার কাঁটা হয়ে রইল ঊষা

আপডেট : ২০ অক্টোবর ২০২০, ২০:৫৭

স্পোর্টস রিপোর্টার

প্রিমিয়ার হকি লিগে ঊষা ক্রীড়াচক্রকে নেওয়া হবে কি হবে না সেই সিদ্ধান্ত হয়নি বাংলাদেশ হকি ফেডারেশনের গতকালকের সভায়। তাই দৃশ্যত ফেডারেশনের গলার কাঁটা হয়ে রইল ঊষা। এই কারণে প্রিমিয়ার লিগ কবে শুরু হবে সেটাও সুনির্দিষ্ট বলা যাচ্ছে না। ফেডারেশন সভাপতি বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিহুজ্জামান সেরনিয়াবাত বলেন,‘ঊষা গলার কাঁটা হবে না। এক সপ্তাহের মধ্যে একটা সিদ্ধান্ত হয়ে যাবে।’ তিনি বলেন, ‘প্রিমিয়ার লিগ মাঠে নামাতে হবে। খেলোয়াড়দের কথাও ভাবতে হবে। আর উষার ব্যাপারে অনেক কথা হচ্ছিল। সবার বক্তব্য শুনে আমরা চাই সবাই যেন খেলতে আসে। গঠনতন্ত্রের সঙ্গে কম্প্রোমাইজ করতে চাই না। যদি করতে হয় তাহলে বাইলজে পরিবর্তন সাধন করেই করতে হবে। যদি এক্তিয়ারের মধ্যে করতে পারি এই স্বার্থে, যে সবাই খেলবে। ঊষার আবেদন ও সবকিছু বিবেচনা করে দেখছি গঠনতন্ত্র ভায়োলেট হয় কি না। ঐ সময়ের লোকদের সঙ্গে কথা বলতে চাই।’

হকি ফেডারেশনের চার ঘণ্টার সভায় দুই একটা ক্লাব ঊষার ব্যাপারে আপত্তি তুললেও ফেডারেশনসহ সভাপতি আব্দুর রশিদ সিকদার বলেন, ‘শেষবার যখন লিগ হয়, তখন আমরা বলেছিলাম দলবদলে একটু সময় দিতে। কিন্তু সেটা করে আমাদের নাম বাদ দিয়েই লিগের ফিকশ্চার ঘোষণা হয় এবং খেলাও হয়ে যায়। ফিকশ্চারেই যদি ঊষার নাম না থাকে তাহলে ঊষা রেলিগেশন হয় কীভাবে।’

মোহামেডান এবং মেরিনার ইয়াংসের দাবি অনুযায়ী আর্থিক জরিমানাসহ তাদের শাস্তি প্রত্যাহার করা হয়েছে।

অনূর্ধ্ব—২১ এশিয়া কাপ হকির বাছাই ২১-৩০ জানুয়ারি ঢাকায়। তবে এটি পিছিয়ে যেতে পারে। সরকারের অনুমতির অপেক্ষায় রয়েছে হকি ফেডারেশন। সরকার অনুমতি দিলে নির্ধারিত সময়ে খেলা হবে। তা নাহলে পেছাবে। ফেডারেশন সভাপতি বলেছেন, ‘বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীর বছরেই হবে। আমি এশিয়ান হকি ফেডারেশনের সঙ্গে কথা বলেছি দলগুলো বাংলাদেশে এলে যে কোনো দেশের চেয়ে সুরক্ষিত থাকবে। আশাকরি আমরা সঠিক সময়েই খেলা আয়োজন করতে পারব। আর এ কারণে হোটেল ইন্টারকন্টিনেন্টালের সঙ্গে দুই বছরের একটা চুক্তি করেছি।