কুমিল্লাতে এসেছেন থিসারা

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২২:০৬

স্পোর্টস রিপোর্টার

স্টিভেন স্মিথকে হারিয়ে সময়টা খুব খারাপ যাচ্ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। তাদের অধিনায়ক ও বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান স্মিথ ইনজুরি নিয়ে দেশে ফিরে গেছেন। তার আর বিপিএলে খেলা হচ্ছে না। এর মধ্যে কুমিল্লা শিবিরে একটা ভালো খবর এলো, তাদের শ্রীলঙ্কান অলরাউন্ডার থিসারা পেরেরা জাতীয় দলের খেলা শেষে বিপিএল দলে যোগ দিয়েছেন। গতকাল পেরেরার দলের সঙ্গে যোগ দেওয়ার খবর নিশ্চিত করেছেন কুমিল্লার মিডিয়া ম্যানেজার খান নয়ন।

 পেরেরা আগের আসরগুলোতে বিপিএলে খেলেছেন বরিশাল বুলস ও রংপুর রাইডার্সের হয়ে। সর্বশেষ রংপুরের হয়ে ব্যাটে-বলে দারুণ খেলেছিলেন। এবার তাকে ধরে রাখতে পারেনি রংপুর। ড্রাফটে তাকে কিনে নিয়েছিল কুমিল্লা। কিন্তু জাতীয় দলের সঙ্গে থাকায় শুরু থেকে বিপিএলে অংশ নিতে পারেননি শ্রীলঙ্কান এই পেস বোলিং অলরাউন্ডার।

নিউজিল্যান্ড সিরিজ নিয়ে ব্যস্ত থাকায় বিপিএলের শুরুতে দলের সঙ্গে যোগ দিতে পারেননি থিসারা পেরেরা। গত ১১ জানুয়ারি সিরিজ শেষ হতেই, দুই দিনের ব্যবধানে রবিবার ঢাকায় এসে পৌঁছেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের লঙ্কান এই পেসার।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের আগে পেরেরা বরিশাল বুলস ও রংপুর রাইডার্সের হয়ে বিপিএল মাতিয়েছেন। সবমিলিয়ে ৩১ ম্যাচ খেলে তার উইকেট সংখ্যা ৩৬। শুধু বোলিংয়েই নয়, ব্যাট হাতে বিপিএলে পেরেরার পারফরম্যান্সও উজ্জ্বল। ১২৯.৮৭ স্ট্রাইকরেটে ২০.৬৫ গড়ে ৪১৩ রান করেছেন এই পেস বোলিং অলরাউন্ডার। সর্বোচ্চ ৪৩ রানের ইনিংস খেলেছেন তিনি।

স্মিথের অভাবটা পেরেরা মেটাতে পারবেন না। তবে ব্যাটে-বলে কুমিল্লার জন্য একটা ভালো অবদান রাখতে পারবেন বলেই আশা করছে দলটির ম্যানেজমেন্ট।