-মাশরাফি বিন মুর্তজা
স্পোর্টস রিপোর্টার
বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের শুরুটা ভালো হয়নি রংপুর রাইডার্সের। ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা প্রথম ম্যাচেই হেরেছিল। ঢাকায় প্রথম পর্ব শেষে বেশ চাপে পড়ে গেছে রংপুর। পাঁচ ম্যাচে জয় দুটি, হার তিনটি। যার মধ্যে টানা দুটি হার। শুক্রবার ঢাকা ডায়নামাইটসের কাছে ২ রানে হেরেছিল রংপুর। গতকাল রাজশাহী কিংসের কাছেও ম্যাচের শেষ ওভারে মুস্তাফিজের দুরন্ত বোলিংয়ে ৫ রানে হেরে যায় টম মুডির শিষ্যরা।
এমন অবস্থা থেকে ঘুরে দাঁড়ানো কঠিন বলেই মনে করেন অধিনায়ক মাশরাফি। গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘অবশ্যই কঠিন। বিশেষ করে ব্যাক টু ম্যাচ এভাবে হারলে তো কঠিন। দুটাই আমাদের জেতা উচিত ছিল। ব্যাক টু ব্যাক এভাবে হারলে ঘুরে দাঁড়ানো কঠিন হয়ে যায়।’
দল হিসেবে ঘুরে দাঁড়াতে করণীয় জানতে চাইলে রংপুরের অধিনায়ক বলেছেন, ‘এখন আমাদের মানসিকভাবে খুব শক্তিশালী হতে হবে। যেকোনো পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার শক্তি থাকতে হবে। পাশাপাশি শারীরিকভাবে ফিট থাকতে হবে। সমন্বয় থাকতে হবে। শর্টকাট কোনো উপায় নেই। আমাদেরকে শতভাগ ক্রিকেট খেলতে হবে।’
মাশরাফির আশা একটা জয় পরিস্থিতি বদলে দিবে। তিনি বলেছেন, ‘জয় হয়তবা ছন্দ পরিবর্তন করে দিতে পারে। শেষ আসরেও আমরা ছয় ম্যাচের তিনটা জিতেছিলাম। যদি পরের ম্যাচটা জিতি তাহলে তিনটা জয় হবে। আসলে টি-টোয়েন্টিতে আমরা ছন্দটা আমরা ধরতে পারছি না।’ আগামী ১৬ জানুয়ারি সিলেটে স্বাগতিকদের বিরুদ্ধে পরের ম্যাচটি খেলবে রংপুর।
গতকাল রাজশাহীর বিরুদ্ধে ম্যাচটা রংপুরের হাতের মুঠোতেই ছিল। শেষ ওভারে যা ফসকে যায়। আগে ব্যাট করে রাজশাহী ৮ উইকেটে ১৩৫ রান তোলে। জবাবে ৬ উইকেটে ১৩০ রানের বেশি যেতে পারেনি রংপুর।
শেষ ওভারে জয়ের জন্য ৯ রান দরকার ছিল তাদের। প্রথম বলে সিঙ্গেল নেন রাইলি রুশো। মুস্তাফিজের করা পরের তিন বলে কোনো রান নিতে পারেননি ফরহাদ রেজা। তিনটি ডট বলের পর চতুর্থ বলেও ব্যাটে-বলে সংযোগ করতে পারেননি তিনি। যদিও লেগ বাই হিসেবে প্রান্ত বদল করেন দুই ব্যাটসম্যান। শেষ বলে সিঙ্গেলের বেশি নিতে পারেননি রুশো। মুস্তাফিজের বোলিংয়ে শেষ ওভারের থ্রিলার জিতে যায় রাজশাহী।
রংপুরকে ফরহাদ রেজাই হারিয়েছেন বলতে হবে। ওই ওভারে তার প্রতি নির্দেশ কি ছিল প্রশ্নে মাশরাফি গতকাল সংবাদ সম্মেলনে বলেছেন, ‘ওখানে সাধারণ নির্দেশনা ছিল। ফরহাদ রেজা অনেক অভিজ্ঞ। ওখানে কি করতে হবে এতটুকু বুঝত। ওখানে সিঙ্গেল নিয়ে যতটা সম্ভব রুশোকে স্ট্রাইক দেওয়া উচিত ছিল। রুশো যেহেতু ছিল একটা আশা অবশ্যই ছিল। ওর ব্যাটে ঠিক জায়গায় লেগে একটা টাইমিং হলেই হতো। ম্যাচ বের হয়ে যেত। কিন্তু আমার কাছে মনে হয় চারটা ডট বলে ম্যাচটা হাতছাড়া হয়েছে আমাদের। স্ট্রাইক রোটেট করলেও আমাদের জন্য সহজ হতো।’
গতকাল রান তাড়া করতে নেমে ওপেনার গেইলের সঙ্গে এসেছিলেন মাশরাফি। যদিও রানের খাতা খোলার আগেই কামরুল ইসলাম রাব্বির শিকার হন তিনি। আর তার ওপেনিং করার সিদ্ধান্ত নাকি আগেই ঠিক করা ছিল। তিনি বলেছেন, ‘আমরা আজ (গতকাল) কোনো ওপেনার নেইনি। হয় ফরহাদ রেজা না হয় আমাকে যেতে হতো।’
