ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘ভালোবাসার প্রজাপতি’। ছবিটি যৌথভাবে পরিচালনা করছেন রাজু আলীম ও মাসুমা তানি। এতে চিত্রনায়িকা পপির সঙ্গে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন অভিনেতা, প্রযোজক ও পরিচালক
রাজু আলীম। এই ছবির গল্প ও অন্যান্য বিষয় নিয়ে লিখেছেন খালেদ আহমেদ
‘প্রজাপতিরা আসলে উড়ে যায়। প্রজাপতিরা অনেক দূরে যায়। ভালোবাসার প্রজাপতির গল্পটা অনেক সুন্দর। ভালোবাসা শব্দটা আমাদের দেশে যেমন—আমি তোমাকে ভালোবাসি, তেমনি সারা পৃথিবীতে ইংরেজিতে আই লাভ ইউ বলা হয়। সবকিছুতে মায়া, মমতা ও ভালোবাসা থাকলে ভালো হয়। সিনেমার মূল বিষয় হলো ভালোবাসা। করোনাকালীন সময় থেকে ওঠে আসা। এ ছবির চিত্রনায়িকা পপি। তিনি একজন ডাক্তার। তার স্বামী একটি এড ফার্মের মালিক। এই চরিত্রে আমি অভিনয় করেছি। করোনাকালীন আমাদের প্রেম, মানবিকতা এবং মহামারির ফলে আমাদের সামাজিক ও ব্যক্তিগত জীবনে কতটা প্রভাব পড়ছে এটাই দেখানো হবে ছবিটিতে’—সিনেমার গল্প প্রসঙ্গে কথাগুলো বললেন চিত্রনায়ক ও পরিচালক রাজু আলীম। ক্যামেরার পেছনেই বেশি কাজ করতে দেখা যায় আপনাকে। অভিনয়ে কেনো আসা—জানতে চাইলে তিনি বলেন, ‘অভিনয়ে কিন্তু আমি নতুন নই। পাশাপাশি সংস্কৃতি অঙ্গন নিয়েই আমার কাজ, সঞ্চালনাও করছি। সবকিছু মিলিয়েই অভিনয়ের পথে হাঁটা। তবে অভিনয় আমার পেশা নয়, ভালোবাসার জায়গা।’ সিনেমাতে অভিনয় শুরু কী মনে করে? উত্তরে রাজু আলীম বলেন, ‘যে কোনো অভিনেতারই সিনেমায় অভিনয় করার স্বপ্ন থাকে। আর আমরা যারা ছোটবেলা থেকে সিনেমা দেখে বড় হয়েছি তাদের সবাই সে সময় থেকেই নিজেকে নায়ক ভাবতে ভালোবাসেন। তখন থেকেই সিনেমায় কাজ করার প্রবণতা তৈরি হয়। স্বপ্ন দেখে নায়ক হওয়ার।’ প্রথম ছবিতেই পপির বিপরীতে নায়ক হিসেবে অভিনয় করছেন। নায়িকা হিসেবে পপিকে বেছে নেয়া কেনো? জবাবে তিনি বলেন, ‘ছোটবেলায় আমার ক্রাশ ছিল সোফিয়া লরেন। তাকে নিয়েই আমার কল্পনার জগত আবৃত ছিল। পরে যখন নিয়মিত বাংলা ছবি দেখা শুরু করি তখন ববিতা হয়ে ওঠে আমার প্রিয় নায়িকা। ববিতার পর যার অভিনয় সবচেয়ে ভালো লাগে, যার অভিনয়ে মুগ্ধ হই, তিনি পপি। তার অভিনয়ের প্রতি অন্যরকম ভালোলাগা আমার। আর সিনেমাতে অভিষেক হবে সেটা ভালো অভিনেত্রীর বিপরীতেই হোক—এটাই চেয়েছি।’
আপনি বললেন—এই সিনেমায় চমক রয়েছে। চমকটা কী ধরনের? উত্তরে রাজু আলীম বলেন, ‘এই সিনেমার মাধ্যমে অনেকগুলো নতুন মুখের অভিষেক হচ্ছে। তবে সিনেমায় নতুন মুখ হলেও তারা পরিচিত মুখ। এদের মধ্যে রয়েছে মডেল খালিদ মাহবুব তুর্য, মিস ইউনিভার্স বাংলাদেশ শিলা ঈশ্বরী, আলিশা, নবাগত প্রিয়মনি, লাক্স তারকা তানিন তানহা, ফেস অফ এশিয়া মেহেদী পলাশ ও ডক্টর তেহরিন সহ আরও অনেকে। ছবিতে গান রয়েছে পাঁচটি। তার মধ্যে দেশের জনপ্রিয় সংগীতশিল্পী অনিমা রায়ের গাওয়া একটি চমত্কার রবীন্দ্র সংগীত রয়েছে। রয়েছে ডিজে সনিকার একটি গান। যে গানের সঙ্গে পারফর্মও করেছে সে। সিনেমার গান হিসেবে এটি আলাদা একটা মাত্রা যোগ করবে বলেই মনে করছি। আরও থাকছে সাবরিনা সাবা, নুসরাত বৃষ্টি, কামাল পাশার কণ্ঠের গান। গানগুলোর সংগীত পরিচালনা করছেন আজম বাবু। এছাড়াও সামনে দেশের প্রথম সারির এক নায়ককে যুক্ত করে আরও চমক দেওয়ার চেষ্টা করছি।’ ছবিটি মুক্তির বিষয়ে পরিচালক জানান, এই ছবির প্রথম লটের শুটিং সম্পন্ন হয়েছে। এখন এডিটিং চলছে। দ্বিতীয় লটের শুটিংও শিগগিরই শুরু হবে। এটি ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবি। আমার আগের ছবি ‘ভালোবাসার রাজকন্যা’ও একই প্রযোজনা থেকে নির্মিত। সেটা যেমন হলে মুক্তি পেয়েছে, এটিও মহাসমারোহে হলে মুক্তি দেওয়া হবে। আসছে ভালোবাসা দিবসকে সামনে রেখে আমরা কাজ করছি। আমি চাই আমার ছবি দর্শকরা হলে গিয়েই দেখুক। উপভোগ করুক।
