পূজায় হৈমন্তী রক্ষিতের গান

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২০:৩৮

র ফি কু ল  ই স লা ম

 

‘শারদীয় দুর্গাপূজা’ উপলক্ষে নতুন দুটি গান শ্রোতাদের সামনে আনছেন দেশের তরুণ প্রজন্মের জনপ্রিয় সংগীতশিল্পী হৈমন্তী রক্ষিত দাশ। দুর্গাপূজাকে ঘিরে তৈরি শিল্পীর ‘একক’ ও ‘দ্বৈতকণ্ঠের’ গান দুটি এ সপ্তাহেই ইউটিউবে মুক্তি পাচ্ছে। এরই মধ্যে শেষ হয়েছে গানের শুটিং ও সম্পাদনা। শিল্পী হৈমন্তী রক্ষিত দাশ জানিয়েছেন, এবারের পূজোয় তিনি ‘একক’ ও ‘দ্বৈত কণ্ঠের’ দুটি গান করেছেন। ‘দুর্গতিনাশিনী’ নামে প্রথমটির গীতিকার ডি সেন্টু, আর এতে সুর করেছেন উজ্জ্বল সিনহা। একক কণ্ঠের গানটি কলকাতার এসকে মুভিজের ইউটিউব চ্যানেল থেকে পাবে বলে জানান মিষ্টি কণ্ঠের এই শিল্পী। দুর্গাপূজা নিয়েই হৈমন্তী আরেকটি গান করেছেন কলকাতার শিল্পী আকাশ সেনের সঙ্গে। ‘পূজো এলো’ শিরোনামে ডুয়েট এই গানটি লিখেছেন প্রসেনজিত্ মন্ডল। সুর এবং সংগীতায়োজন করেছেন আপন খান এবং এমএমপি রনি। ডিপি মিউজিক স্টেশনের ব্যানারে এই গান পূজায় দর্শকদের মুগ্ধ করবে বলে আশা শিল্পী হৈমন্তীর। তিনি জানান, দুটি গানই পূর্ণাঙ্গ মিউজিক ভিডিও, যার শুটিং হয়েছে রমনা কালীমন্দিরে। ভিডিও দুটি নির্মাণ করেছেন সৌমিত্র ঘোষ ইমন এবং কোরিওগ্রাফি করেছেন সারোয়ার শাকিল। বিগত কয়েক বছরই পূজোয় গান গেয়ে কোটি দর্শকের হূদয় জয় করেছেন সুকণ্ঠী শিল্পী হৈমন্তী দাশ। এর আগে ২০১৮ সালে আকাশ সেনের সঙ্গে দ্বৈত কণ্ঠে পূজায় ‘দুর্গা মা’ নামে একটি অ্যালবাম বের করেছিলেন জনপ্রিয় এই জুটি। তাদের সেই গান তখন খুব সাড়া ফেলে মানুষের হূদয়ে। ইউটিউবে তাদের গানটি এক কোটিরও বেশি দর্শক উপভোগ করেন। ‘দুর্গা মা’ গানটি কলকাতার এসকে মুভিজের ইউটিউব চ্যানেল থেকে মুক্তি পেয়েছিল।

পরের বছর ২০১৯ সালে ‘আকাশে খুশির ডানা মেলে উমা এলে, এগিয়ে গিয়েছি বহুদূর বেদনা ফেলে’— এই গানটিও বেশ জনপ্রিয়তা পায় দর্শকের কাছে। গানটির গীতিকার সব্যসাচী ব্যানার্জী। সংগীত পরিচালনা করেন সৌরভ বাবাই চক্রবর্তী।

এবারের দুর্গাপূজার গান নিয়েও আশাবাদী কোকিলকণ্ঠী শিল্পী হৈমন্তী রক্ষিত দাশ। তার বিশ্বাস—এবারের গানগুলোও শ্রোতা-ভক্তদের ভালো লাগবে। কারণ, দুটি গানই ভীষণ উত্সবমুখর প্রেক্ষাপটে লেখা এবং সুরগুলোও চমত্কার।

উল্লেখ্য, দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ টেলিভিশন কর্তৃক  আয়োজিত বিশেষ অনুষ্ঠানে তিনি ‘আঁধার নেমে আসা এ জগতে’ শিরোনামে একটি গানে কণ্ঠ দিয়েছেন। গানটির গীতিকার সুমন সাহা এবং সংগীত পরিচালক ফোয়াদ নাসের বাবু। এ গানটিও বাকি গানগুলোর মতো সমান শ্রোতাপ্রিয় হবে বলে আশা করছেন তিনি।