বঙ্গবন্ধুর সিনেমায় সানসি

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২০:৪০

মা হ মু দু ল  আ মি ন

 

অভিনেতা সানসি ফারুক। ক্যারিয়ারের শুরু করেন মঞ্চ নাটক দিয়ে। পরবর্তী সময়ে নিয়মিত টিভি নাটক করলেও এখন পর্দায় অনিয়মিত তিনি। কয়েক বছর ধরে মন দিয়েছেন সিনেমায়। সম্প্রতি বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত আশরাফ শিশির পরিচালিত ‘৫৭০’ সিনেমায় অভিনয় করছেন তিনি। এর আগে একই পরিচালকের ‘গাড়িওয়ালা’ ও ‘আমরা একটি সিনেমা বানাবো’য় অভিনয় করেন। সানসি বলেন, ‘অভিনয়ের আগ্রহ থেকে এক সময় মঞ্চ নাটক শুরু করি। দীর্ঘদিন নাট্যদল পালাকারের সঙ্গে রয়েছি। পাশাপাশি অনেকগুলো টিভি নাটকেও অভিনয় করেছি। সম্প্রতি এক ধারাবাহিক নাটকে অভিনয় করি। এখন ‘৫৭০’ সিনেমায় অভিনয় করছি। এখানে মেজর মহিউদ্দিন চরিত্রে আমি অভিনয় করছি। শুটিং এখনো চলছে। বঙ্গবন্ধুর লাশ যখন হেলিক্বরে করে আনা হয়, সেখানে ১৪ জনের সেনাবাহিনীর দল থাকে। সেই দলে প্রধান থাকেন মেজর মহিউদ্দিন। সিনেমার একটি গুরুত্বপূর্ণ চরিত্র। চেষ্টা করছি নিজের জায়গা থেকে পর্দায় চরিত্রটা তুলে ধরার।’ সানসি আরো বলেন, ‘অভিনয়কে পেশা হিসেবে নেওয়ার সুযোগ আমার হয়নি। অভিনয়টা আমি করে যেতে চাই। একজন অভিনয়শিল্পীর মূল ক্ষুধা থাকে চ্যালেঞ্জিং চরিত্র। এমন সুযোগ পেলে অভিনয় করতে চাই।’