ফ য় জু ল আ ল আ মী ন
বিশ্বরঙ নিবেদিত ‘পূজার গানে বাঁধবো প্রাণ’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ের ফলাফল ঘোষণা করা হয়েছে গত সোমবার। অনলাইন ভিত্তিক এই সংগীত প্রতিযোগিতার মহাবিচারক ছিলেন উপমহাদেশের কিংবদন্তী সংগীতশিল্পী হৈমন্তী শুক্লা, সেইসঙ্গে বিচারক হিসেবে আরও ছিলেন সংগীতশিল্পী সমরজিত্ রায় ও সংগীতশিল্পী প্রিয়াংকা গোপ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন স্বনামধন্য ফ্যাশন ডিজাইনার, সংগীতশিল্পী ও বিশ্বরঙ’র কর্ণধার বিপ্লব সাহা।
গত জুলাই মাসে মায়ের গান, দুর্গোত্সব ভিত্তিক গান বা যে কোনো প্রার্থনা সংগীতের স্থায়ী ও একটি অন্তরা তাল ঠিক রেখে শুধুমাত্র যে কোনো একটি যন্ত্রের সহযোগিতায় গেয়ে ভিডিও পাঠানোর আহ্বান করা হয় সংগীতপ্রেমীদের কাছে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক হাজার ভিডিও জমা পড়ে ‘পূজার গানে বাঁধবো প্রাণ’ প্রতিযোগিতার কমিটির দফতরে। এদেশের মাঠে প্রান্তরে কত প্রতিভা ছড়িয়ে আছে তার প্রমাণ এই কয়েক হাজার ভিডিও। বাছাই পর্বে বিচারকদের বেশ বেগ পেতে হয়—কাকে প্রতিযোগিতার চূড়ান্ত পর্বে রাখবেন, আর কাকে বাদ দিবেন। অবশেষে কয়েক ধাপে চুলচেরা বিশ্লেষণের মাধ্যমে ফাইনাল রাউন্ডের জন্য ১২ জন শিল্পীকে নির্বাচিত করা হয়। এদের সবাই ছিলেন স্ব-স্ব প্রতিভায় সেরা; কিন্তু যেহেতু এটি একটি প্রতিযোগীতা তাই দায়বদ্ধতার প্রশ্নে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ফলাফল অত্যাবশ্যকীয়। অবশেষে বিচারকদের অভিমতে ‘পূজার গানে বাঁধবো প্রাণ’ প্রতিযোগিতার চূড়ান্ত পর্যায়ে প্রথম হয়েছেন মনিকা দেবনাথ কথা, দ্বিতীয় হয়েছেন নরেন চক্রবর্তী আর তৃতীয় হয়েছেন নোবেল আচার্য।
