ডিএসইর এমডির পদত্যাগ

আপডেট : ২১ অক্টোবর ২০২০, ২০:৪৬

ইত্তেফাক রিপোর্ট

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্যবস্থাপনা পরিচালক পদ থেকে পদত্যাগ করেছেন কাজী ছানাউল হক। গতকাল বুধবার ডিএসইর পর্ষদ সভায় তার পদত্যাগপত্র গৃহীত হয়েছে। আগামী ৮ জানুয়ারি থেকে তার পদত্যাগ কার্যকর হবে। ডিএসইর প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়, ব্যক্তিগত কারণ দেখিয়ে গত ৮ অক্টোবর কাজী ছানাউল হক পদত্যাগপত্র জমা দেন। এরপর ডিএসইর পর্ষদের একটি অংশের পক্ষ থেকে তাকে পদত্যাগপত্র তুলে নেওয়ার জন্য অনুরোধ করেন বলে জানা গেছে। এ বিষয়ে ডিএসইর এক পরিচালক বলেন, কিছুদিন আগে উনি (কাজী ছানাউল হক) দুর্ঘটনায় পায়ে আঘাত পান। এরপর তিনি পদত্যাগ করার সিদ্ধান্ত নেন। আমরা তাকে থাকার জন্য অনুরোধ করি। তবে তিনি জানান, তার ৩ মেয়ে ও পরিবার চাপ নিয়ে কাজ না করার পরামর্শ দেন। যেহেতু তার পরিবার চাচ্ছেন তিনি ডিএসইর এমডির পদ ছেড়ে দিক, এ কারণে গতকাল আমরা তার পদত্যাগপত্র গ্রহণ করেছি। তিনি আরো জানান, এখন নিয়ম অনুযায়ী আমরা নতুন এমডি খুঁজব। ৮ জানুয়ারির আগে নতুন এমডি পেলে তিনি দায়িত্ব বুঝে নেবেন। আর ৮ জানুয়ারির মধ্যে নতুন এমডি না পাওয়া গেলে ঐ দিন (৮ জানুয়ারি) নিয়ম মেনে উনি (কাজী ছানাউল) বিদায় নেবেন। চলতি বছরের ৯ ফেব্রুয়ারি তিন বছরের জন্য ডিএসইর এমডি পদে যোগদান করেন কাজী ছানাউল।