ইত্তেফাক রিপোর্ট
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম বলেছেন, সেবার মান উন্নত করে রাজউককে জনবান্ধব প্রতিষ্ঠানে পরিণত করতে হবে। তিনি বলেন, বর্তমানে সেবা প্রত্যাশীদের যে অনাকাঙ্খিত বিলম্বের শিকার হতে হয় তা দূর করতে হবে। এ জন্য কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতা বাড়াতে এবং আরো গতিশীল ভূমিকা পালন করতে হবে।’ রবিবার রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) সভাকক্ষে এ প্রতিষ্ঠানের চলমান প্রকল্প এবং অন্যান্য কার্যক্রম নিয়ে কর্মকর্তা-কর্মচারীদের সাথে আলোচনাকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর গতকালই তিনি প্রথম রাজউকে বৈঠক করেন।
অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব শহীদ উল্লা খন্দকার, রাজউকের চেয়ারম্যান মো. আব্দুর রহমান, মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আখতার হোসেন, মো. ইয়াকুব আলী পাটোয়ারী, রাজউকের সদস্যগণসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী সকালে মন্ত্রণালয়ের বিভিন্ন শাখা আকস্মিকভাবে পরিদর্শন করেন।
কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে মনিটরিং সেল :স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক বলেছেন, কাজের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে মনিটরিং সেল গঠন করা হবে। গতকাল রবিবার মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে তিনি এই কথা জানান।
জাহিদ মালেক বলেন, এই সেল সারা দেশের হাসপাতালগুলোর কোনো যন্ত্রপাতি নষ্ট, কোথায় ডাক্তার উপস্থিত থাকছেন না, কোথায় জনবল সংকট তা নির্ণয় করবে। তিনি বলেন, প্রতি বিভাগে ক্যান্সার হাসপাতাল স্থাপনের উদ্যোগ নেওয়ার পাশাপাশি প্রতিটি মেডিক্যাল কলেজ হাসপাতাল ও জেলা সদর হাসপাতালে ১০ শয্যা বিশিষ্ট কিডনি ইউনিট স্থাপন করা হবে। এ সময়ে হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি তৌফিক মারুফ, সাধারণ সম্পাদক নিখিল মানকিন, সহ-সভাপতি নুরুল ইসলাম হাসিব ও জান্নাতুল বাকিয়া কেকা প্রমুখ উপস্থিত ছিলেন।
চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন ড. কামাল, আশা তথ্যমন্ত্রীর
স্বাধীনতাবিরোধী জামায়াতকে যদি বিএনপি পরিত্যাগ না করে তাহলে জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন বলে আশা প্রকাশ করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। গতকাল রবিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে তথ্য মন্ত্রণালয়ের অধীনস্থ বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে আয়োজিত কর্ম পরিকল্পনা বিষয়ক সভার সূচনা বক্তব্যে তিনি এই আশা প্রকাশ করেন। ‘জামায়াতকে সঙ্গে নিয়ে নির্বাচন করার সিদ্ধান্ত ভুল ছিল’ তা স্বীকার করায় কামাল হোসেনকে ধন্যবাদ জানিয়ে হাছান মাহমুদ বলেন, ‘এই স্বীকারোক্তির মাধ্যমে আমি মনে করব তারা জামায়াতকে পরিত্যাগ করবেন এবং জামায়াতকে যদি বিএনপি পরিত্যাগ না করে তবে কামাল হোসেন চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবেন, সেটাই আশা করি।’ এসময় তথ্য মন্ত্রণালয়ের সচিব আব্দুল মালেক, বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, বাংলাদেশ বেতারের মহাপরিচালক নারায়ন চন্দ্র শীল, বাংলাদেশ টেলিভিশনের মহাপরিচালক এস এম হারুন-অর-রশিদ, প্রধান তথ্য কর্মকর্তা বেগম কামরুন নাহার, বাংলাদেশ প্রেস ইনস্টিটিউডের মহাপরিচালক মো. শাহ আলমগীর, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আমির হোসেন, তথ্য কমিশনার নেপেল চন্দ্র সরকার প্রমুখ উপস্থিত ছিলেন।
