গ্রামীণ সড়কের উন্নয়নে ২০ কোটি ডলার ঋণ দিচ্ছে এডিবি

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২২:১৭

ইত্তেফাক রিপোর্ট

দেশের গ্রামীণ সড়ক অবকাঠামোর উন্নয়ন প্রকল্পে ২০ কোটি ডলার ঋণ দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এ লক্ষ্যে গতকাল শেরেবাংলা নগরস্থ ইআরডি সম্মেলন কক্ষে আয়োজিত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সরকারের পক্ষে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মনোয়ার আহমদ এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর মনমোহন প্রকাশ সই করেন।

‘রুরাল কানেক্টিভিটি ইমপ্রুভমেন্ট’ শীর্ষক প্রকল্পটিতে মোট ব্যয় হবে ২৮ কোটি ৫১ লাখ ডলার। এরমধ্যে এডিবি ২০ কোটি ডলার এবং অবশিষ্ট ৮ কোটি ৫৩ লাখ ডলার বাংলাদেশ সরকার যোগান দেবে। স্থানীয় সরকার বিভাগ চলতি অর্থবছর হতে শুরু করে ২০২৩ সালের জুন মেয়াদে প্রকল্পটি বাস্তবায়ন করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মনমোহন প্রকাশ বলেন, এই প্রকল্পটি বাস্তবায়নের মাধ্যমে গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের সঙ্গে সঙ্গে ৩১ লাখ ৩০ হাজার জন-দিসব কর্মসংস্থানের সুযোগ হবে। উপকৃত হবে শোয়া পাঁচ কোটি গ্রামীণ মানুষ। এসময় জানানো হয়, বাংলাদেশে সকল আবহাওয়া উপযোগী সড়ক ব্যবহার করতে পারে মাত্র ৪০ ভাগ গ্রামীণ জনগোষ্ঠী। ৭ম পঞ্চবার্ষিক পরিকল্পনা অনুযায়ী ২০২০ সালে এই হার ৮০ ভাগে উন্নীত করার লক্ষ্য রয়েছে।

এডিবির ঋণের মধ্যে ১০ কোটি ডলার সহজ শর্তে ২ শতাংশ সুদে এবং বাকি ১০ কোটি ডলার ওসিআর হিসেবে দেওয়া হবে। ওসিআর ঋণের সুদ হার লাইবর ভিত্তিক। সেইসঙ্গে শূন্য দশমিক ১০ শতাংশ ম্যাচুরিটি প্রিমিয়াম, অব্যয়িত অর্থের উপর শূন্য দশমিক ১৫ শতাংশ কমিটমেন্ট চার্জ দিতে হবে। ৫ বছরের রেয়াতকালসহ ২৫ বছরে এই ঋণ শোধ করতে হবে। প্রকল্পটির মাধ্যমে উত্পাদনশীল কৃষি এলাকায় উচ্চ আয় সৃষ্টি ও আর্থ-সামাজিক কেন্দ্রে  যাতায়াত সুগম হবে। পাঁচটি বিভাগের ২২১০ কিলোমিটার উপজেলা সড়ক উন্নয়ন, ৪৯৫ কিলোমিটার ইউনিয়ন সড়ক অবকাঠামোকে জলবায়ু সহিষ্ণু এবং নিরাপত্তা বৈশিষ্ট্য সম্বলিত সকল আবহাওয়া উপযোগী মানে উন্নীত করা হবে।