হন্তারকের প্রতি

আপডেট : ২২ অক্টোবর ২০২০, ২০:৩৪

আমি জানি কে বা কারা

আমাকে হত্যা করতে চেয়েছিলো!

মুখে মধুর হাসি নিয়ে

অন্তরে বিষের ছুরি

শানিয়েছে চুপিচুপি

টেরই পাইনি,

অথচ এই আমি ওদের জন্য

হূদয়কপাট খুলে

সাজিয়েছি বন্ধুত্বের ঘর,

সেই ঘরে কত আড্ডা খানাপিনা

বসিয়েছি কবিতার আসর!

আজ কিনা তারাই

হাতে নিয়েছে তুলে

হন্তারকের ছুরি!

কানে ভেসে আসে

চারিদিকে ফিসফাস :

‘হয় মীরজাফর নয় মোশতাক

আস্তিনের সাপ!’

আমি মৃদু হাসি

আকাশের দিকে তাকাই—

ওরা জানবে কী করে

একালের প্রমিথিউস আমি

আমাকে হত্যা করা হলেও

বার বার জন্ম নেবো

ফিনিক্স পাখির মতো!