১৮ আসামির ৩৬ জেল আপিল শুনানির জন্য গৃহীত

আপডেট : ১৩ জানুয়ারি ২০১৯, ২২:২৪

২১ আগস্ট গ্রেনেড হামলার দুটি মামলায় দণ্ডপ্রাপ্ত ১৮ আসামির ৩৬টি জেল আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। গতকাল রবিবার বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মোঃ মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের   ডিভিশন বেঞ্চ তাদের জেল আপিল শুনানির জন্য গ্রহণের আদেশ দিয়েছেন।

আইন বিশেষজ্ঞরা জানান, কোনো ফৌজদারি মামলায় দায়রা আদালত যখন আসামিদের মৃত্যুদণ্ড দেয় তখন ওই দণ্ড কার্যকরের জন্য হাইকোর্টের অনুমোদনের প্রয়োজন হয়। এজন্য সংশ্লিষ্ট বিচারিক আদালত ফৌজদারি কার্যবিধির (সিআরপিসি) ৩৭৪ ধারা মোতাবেক মামলার সকল নথি হাইকোর্টে পাঠিয়ে দেন। যা ডেথ রেফারেন্স নামে পরিচিত। ওই নথি আসার পর হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখা পরীক্ষা-নিরীক্ষা করে সংশ্লিষ্ট মামলার পেপারবুক প্রস্তুত করে। পেপারবুক প্রস্তুত হলে মামলাটি শুনানির জন্য প্রস্তুত হয়েছে বলে ধরে নেয়া হয়।  সূত্র জানায়, ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার পেপারবুক এখনো প্রস্তুতের কাজ শুরু হয়নি। বর্তমানে এ মামলার যাবতীয় নথি পরীক্ষা-নিরীক্ষা করছে হাইকোর্টের ডেথ রেফারেন্স শাখা। পেপারবুক প্রস্তুতের পর এই মামলার ডেথ রেফারেন্স ও আসামিদের আপিলের ওপর একসঙ্গে শুনানি হবে।

২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দণ্ডবিধি ও বিস্ফোরক আইনে করা দুটি মামলায় গত ১০ অক্টোবর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ সাবেক প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ ১৯ আসামিকে ডাবল মৃত্যুদণ্ড এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১৯ জনকে যাবজ্জীবন দণ্ড দেয়। দণ্ডিতদের মধ্যে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ জন এবং যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত ১২ আসামি পলাতক রয়েছেন।

গতকাল হাইকোর্ট মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার (অব.) আবদুর রহিম, সাবেক শিক্ষা উপমন্ত্রী বিএনপি নেতা আবদুস সালাম পিন্টু, মাওলানা শেখ আবদুস সালাম, আবদুল মাজেদ ভাট ওরফে মোঃ ইউসুফ ভাট (পাকিস্তানি নাগরিক), আবদুল মালেক ওরফে গোলাম মোহাম্মদ, মাওলানা শওকত ওসমান, মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান, মাওলানা আবু সাঈদ, আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, জাহাঙ্গীর আলম, হাফেজ মাওলানা আবু তাহের, হোসাইন আহমেদ তামিম, মঈন উদ্দিন শেখ, রফিকুল ইসলাম ও উজ্জ্বল ওরফে রতনের জেল আপিল শুনানির জন্য গ্রহণ করে। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত শাহাদাত উল্লাহ জুয়েল ও আবু বকর সিদ্দিক ওরফে হাফেজ সেলিম হাওলাদারের জেল আপিল গ্রহণ করেছে আদালত।

এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল ইউসুফ মাহমুদ মোর্শেদ। তিনি জানান, শুনানি গ্রহণের জন্য জেল আপিল কার্যতালিকায় এসেছিল। হাইকোর্ট তা গ্রহণের আদেশ দিয়েছে।