গতকাল রবিবার টানা সপ্তম দিনের মতো সাভারের আশুলিয়ায় বিক্ষোভ করেছে তৈরি পোশাক শ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকরা বাইপাইল-আব্দুল্লাহপুর সড়ক অবরোধসহ বিভিন্ন কারখানায় ইটপাটকেল নিক্ষেপ ও ভাংচুর চালিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ শ্রমিকদেরকে বাধা দিলে দুই পক্ষের মধ্যে ধাওয়া, পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।
শ্রমিক বিক্ষোভের মুখে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, জিরাবো, কাঠগড়াসহ বিভিন্ন এলাকার অর্ধশতাধিক কারখানা ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ।
জানা গেছে, গতকাল সকালে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে কাজে যোগদান না করে শুধু হাজিরা কার্ড পাঞ্চ করেই বের হয়ে যায়। পরবর্তীতে তারা জামগড়া এলাকায় সড়কে অবস্থান নিয়ে যানবাহন ভাংচুরের চেষ্টা চালায়। এসময় পুলিশ বাধা দিলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ টিয়ারশেল ও জলকামান ব্যবহারসহ লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়। এভাবে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় চলা সংঘর্ষের ঘটনায় আহত হয়েছে অন্তত ১৫ জন। তাদেরকে প্রাথমিক চিকিত্সা দেওয়া হয়েছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার সাইদুর রহমান জানান, গতকাল শ্রমিক বিক্ষোভের মুখে সাভার আশুলিয়ার বেশ কিছু কারখানা ছুটি ঘোষণা করেছে মালিকপক্ষ। শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে তাদেরকে পুলিশ সরিয়ে দিয়েছে। এ ছাড়া যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবির টহলের পাশাপাশি প্রতিটি কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
