বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, শুধু সংসদের ভেতরেই বিরোধী দল হয় না, সংসদের বাইরেও বিরোধী দল হয়। যারা জনগণের ও মানুষের অধিকারের কথা বলে ও রাজপথে থাকে তারাই বিরোধী দল। গতকাল রবিবার নাইকো দুর্নীতি মামলার শুনানির এক পর্যায়ে মওদুদ আহমদের বক্তব্যের প্রেক্ষিতে তিনি এ কথা বলেন। ঢাকার পুরাতন কেন্দ্রীয় কারাগারে স্থাপিত বিশেষ জজ আদালত-৯ এ এ মামলার অভিযোগ গঠনের উপর শুনানি চলছে। শুনানি শেষে আগামী ২১ জানুয়ারি পর্যন্ত মামলার কার্যক্রম মুলতবি করেন বিচারক শেখ হাফিজুর রহমান। এর আগে বেলা সোয়া ১২টায় এই কারাগারের একটি ভবনে বন্দি দণ্ডিত খালেদা জিয়াকে হুইল চেয়ারে করে আদালত কক্ষে আনা হয়। এ সময় তার পক্ষে আইনজীবী এ জে মোহাম্মদ আলী, এম মাহবুবউদ্দিন খোকন, মাসুদ আহমেদ তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন। দুদকের পক্ষে ছিলেন মোশাররফ হোসেন কাজল।
অভিযোগ গঠনের শুনানিতে মামলার আসামি বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ যখন সরকারে ছিল তখন নাইকোর সঙ্গে চুক্তি করে। আমরা শুধু ওই চুক্তির ধারাবাহিকতা বজায় রেখেছি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার চুক্তি করে বিরোধী দলের উপর দায় চাপাচ্ছে। কিন্তু এখন তো আমরা বিরোধী দলেও নেই। এরপরই খালেদা জিয়া বলেন, বিরোধী দল তো শুধু সংসদের ভেতরেই হয় না, বাইরেও হয়।
বিচারকের উদ্দেশে ব্যারিস্টার মওদুদ বলেন, লিগ্যাল অ্যাডভাইজার হিসেবে চুক্তির পক্ষে মতামত দেওয়ার অভিযোগ করা হয়েছে আমার বিরুদ্ধে। কিন্তু এ সংক্রান্ত কোনো নথি পাইনি। নথির সত্যায়িত কপি পেতে রবিবার আবেদন করব। এ জন্য সময় দরকার। এরপরই আদালত মামলার শুনানি মুলতবি করে।
২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় নাইকো মামলা দায়ের করে দুদক। মামলার এজাহারে বলা হয়, ক্ষমতার অপব্যবহার করে তিনটি গ্যাসক্ষেত্র পরিত্যক্ত দেখিয়ে কানাডীয় কোম্পানি নাইকোর হাতে তুলে দিয়ে রাষ্ট্রের প্রায় ১৩ হাজার ৭৭৭ কোটি টাকার ক্ষতি করা হয়েছে।
