বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন
ডোমার (নীলফামারী) সংবাদদাতা ডোমারে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্পেইন ও রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার নিমোজখানা স্কুল অ্যান্ড কলেজ মাঠে দিনব্যাপী এ কর্মসূচির আয়োজন করে নিমোজখানা ব্লাড ব্যাংক। উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কর্মসূচির উদ্বোধন করেন। পরে নিমোজখানা স্কুল অ্যান্ড কলেজের সভাপতি মতিরাম রায়ের সভাপতিত্বে আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
মহাসপ্তমীর পূজা অনুষ্ঠিত
মাগুরা প্রতিনিধি শারদীয় দুর্গোত্সবের মহাসপ্তমী পূজা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল থেকে মণ্ডপে মণ্ডপে ঢাকের বাদ্যে নানা উপাচারে পূজা অনুষ্ঠিত হয়। এবছর জেলায় ৫৭৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ১৮১টি, শ্রীপুরে ১৩৩টি, শালিখায় ১১৯টি, মহম্মদপুরে ১২১টি, পৌর এলাকায় ২৩টি মণ্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে।
নারীদের মধ্যে শাড়ি বিতরণ
সুনামগঞ্জ প্রতিনিধি দুর্গাপূজা উপলক্ষ্যে শুক্রবার সুনামগঞ্জ পৌর শহরের শ্রীরামকৃষ্ণ আশ্রমের শতাধিক দরিদ্র নারীর মধ্যে শাড়ি বিতরণ করা হয়েছে। শ্রীরামকৃষ্ণ আশ্রমের উদ্যোগে পূজামণ্ডপের সামনে এসব শাড়ি বিতরণ করা হয়। শাড়ি বিতরণ উপলক্ষ্যে সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
পূজামণ্ডপে মাস্ক বিতরণ
তানোর (রাজশাহী) সংবাদদাতা তানোরে পূজামণ্ডপে শিশুশিক্ষার্থীদের মধ্যে শ্রীমত ভগবত গীতা ও পূজা কমিটির স্বেচ্ছাসেবকদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়েছে। শুক্রবার উপজেলা সনাতন ধর্ম কল্যাণ সংঘের উদ্যোগে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সুশান্ত কুমার মাহাতো।
নিরাপদ সড়ক দিবস উদ্যাপন
জয়পুরহাট প্রতিনিধি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সম্প্রতি বেলুন উড়িয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২০ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সামাজিক দূরত্ব বজায় রেখে আয়োজিত আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান। বিআরটিএর সহকারী পরিচালক আব্দুল হান্নান আলোচনাসভায় সভাপতিত্ব করেন।
