আড়াইহাজারে চাচাতো ভাইয়ের শাবলের আঘাতে চোখ হারাল যুবক

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ০০:১০

নারায়ণগঞ্জের আড়াইহাজারে শাবল দিয়ে আঘাত করে শফিকুল (৩২) নামে এক যুবকের চোখ নষ্ট করে দিয়েছে তারই চাচাতো ভাই লিটন ও তার পরিবারের লোকজন। শনিবার সন্ধ্যা ৬টার দিকে এ ঘটনা ঘটেছে উপজেলার হাইজাদী ইউনিয়নে তাঁতিপাড়া কলাগাছিয়া গ্রামে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

আহত যুবকের পিতা হাসমত আলী জানান, তিনি ঐ সময় বাড়িতে ছিলেন না। দুই বাড়ির মাঝখানে একটি মাটির আইল নির্মাণকে কেন্দ্র করে ৩-৪ দিন আগে উভয় পরিবারের মধ্যে ঝগড়া হয়। তারই জের ধরে লিটন, তার পিতা রহমত আলী এবং মাতা শাহিনুর বেগম তার বাড়িতে হামলা চালায়। এ সময় লিটন তার ছেলে শফিকুলকে শাবল দিয়ে চোখে আঘাত করে। ফলে শফিকুলের বাম চক্ষুর মণিসহ চক্ষুর ভেতরের অংশ কেটে রক্তাক্ত জখম হয়।

শফিকুলকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে শ্যামলী চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে নিলে চিকিত্সক তার চোখটি সম্পূর্ণভাবে অকেজো হয়ে গেছে বলে জানান। এ ঘটনায় শফিকুলের পিতা হাসমত আলী বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। আড়াইহাজার থানার ওসি আকতার হোসেন বলেন, বিষয়টি তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।