অর্থ আত্মসাতের মামলা

দুই আসামিকে অব্যাহতি দেওয়ায় তদন্ত কর্মকর্তাকে হাইকোর্টের ভর্ত্সনা

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ০০:৪১

অর্থ আত্মসাতের মামলায় বেসরকারি ব্যাংকের দুই ব্যাংক কর্মকর্তাকে অব্যাহতি দেওয়ায় দুদকের তদন্তকারী কর্মকর্তাকে ভর্ত্সনা করেছেন হাইকোর্ট। এ ছাড়া অব্যাহতি পাওয়া কর্মকর্তাদের আসামি হিসেবে গণ্য করে তাদের বিরুদ্ধে অভিযোগ আমলে নেওয়ার জন্য বিচারিক আদালতকে নির্দেশ দেওয়া হয়েছে। বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কেএম হাফিজুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল এ আদেশ দেন। আদালত বলেন, ব্যাংক কর্মকর্তাদের যোগসাজশ ছাড়া এ ধরনের অপরাধ সংঘটন করা সম্ভব নয়। এদের অব্যাহতি দেওয়া হলে অন্য আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ৪০৯ ধারার অপরাধ ধর্তব্যের মধ্যে পড়ে না। একইসঙ্গে দুদকের তদন্তকারী কর্মকর্তাদের বিষয়ে নজরদারি বাড়াতে কমিশনকে বলেছেন আদালত।

১৩৫ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ২০১৬ সালের ২৬ ডিসেম্বর চট্টগ্রামের হালিশহর থানায় মামলা করে দুদক। ওই মামলায় বিএনপি নেতা আসলাম চৌধুরী, সাউথইস্ট ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম এবং ব্যাংকটির হালিশহর শাখার সাবেক ব্যবস্থাপক মাহবুবুর রহমানসহ (সাব্বির) কয়েকজনকে আসামি করা হয়। তদন্ত শেষে মামলার তদন্ত কর্মকর্তা মো. মোশারফ হোসেন ব্যাংকের ওই দুই কর্মকর্তাকে অব্যাহতি দিয়ে চার জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

এ মামলার আসামি আসলাম চৌধুরীর জামিন প্রশ্নে জারিকৃত রুলের শুনানিকালে আসামিদের অব্যাহতি দেওয়ার বিষয়টি হাইকোর্টের নজরে আসে। এরপরই ওই তদন্ত কর্মকর্তা ও দুদকের ব্যাখ্যা চান হাইকোর্ট। ওই ব্যাখ্যা পেয়ে গতকাল হাইকোর্ট আসলাম চৌধুরীর জামিন আবেদন খারিজ করে উপরোক্ত রায় দেন।

আদালতে দুদকের পক্ষে আইনজীবী খুরশিদ আলম খান,  রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক ও আসামি পক্ষে মিয়া মোহাম্মদ কাওসার আলম উপস্থিত ছিলেন।