ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল হত্যার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ০০:৪২

চট্টগ্রামের পাহাড়তলীতে গত ৭ জানুয়ারি নৃশংস হত্যার শিকার হয় বাংলাদেশ ছাত্রলীগের উপ-শিক্ষা ও পাঠচক্র’র সাবেক সম্পাদক মহিউদ্দিন সোহেল। তিনি চট্টগ্রাম কমার্স কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদকও ছিলেন। তার হত্যাকারীদের দ্রত গ্রেফতার ও বিচারের দাবিতে গতকাল রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছে ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ছাত্রলীগের সাবেক সভাপতি মাহমুদ হাসান রিপন। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ইকবাল মাহমুদ বাবলু।

লিখিত বক্তব্যে মাহমুদ হাসান রিপন জানান, ষড়যন্ত্রমূলক এক নৃশংস হত্যাকান্ডের শিকার হন সোহেল। হত্যাকারীরা তাকে হত্যা করেই ক্ষান্ত হয়নি, এখন তার নামে মিথ্যা অপবাদ দেওয়ার চেষ্টা চালাচ্ছে। আমরা এ হত্যাকান্ড ও মিথ্যাচারের তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জোর দাবি জানান তিনি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাহফুজুল হায়দার চৌধুরী রোটন, সাবেক সহ-সভাপতি রাশেদুল মাহমুদ রাসেল, হাসানুজ্জামান লিটন, রফিকুল আলম গাফ্ফারী রাসেল, ফজলুল হক, আবু সাইদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান টুটুল, জসিম উদ্দিন, রিপন পোদ্দার, মিজানুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান শাহীন, সাবেক প্রচার সম্পাদক আরিফুল ইসলাম উজ্জ্বল, ঢা.বি ছাত্রলীগ এর সাবেক সভাপতি সোহেল রানা টিপু, সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ সাকিব বাদশা ও ওমর শরীফ, সাবেক সহ-সম্পাদক মফিজুল ইসলাম ঢালী, জুলফিকার আলী, শফিক আহমেদ, ঢাবি ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোক্তারুল হাসান মিলটন, বুয়েট ছাত্রলীগের সাবেক সভাপতি মনির হোসেনসহ অন্যান্যরা।