আসামের সাবেক মুখ্যমন্ত্রী তরুন গগৈ বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশে হিন্দুরা নিরাপদে আছে। শেখ হাসিনার সন্ত্রাসবিরোধী পদক্ষেপে উত্তর-পূর্ব ভারতে শান্তি বিরাজ করছে। সীমান্তে সন্ত্রাসীদের ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের প্রভাবশালী মিডিয়া এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে এমন মন্তব্য করেছেন তরুন গগৈ। শনিবার প্রতিবেদনটি প্রকাশিত হয়।
তরুন গগৈ বলেছেন, আমার ১৫ বছরের শাসনামলে ধর্মীয় হিংসার কারণে কোনো হিন্দু বাংলাদেশ থেকে এসে আসামে নাগরিকত্ব দাবি করেনি। শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশে হিন্দুরা নিরাপদে আছে। দেশটিতে প্রতি বছর দুর্গা পূঁজা বাড়ছে। তাই ধর্মীয় বিদ্বেষের জন্য বাংলাদেশকে দোষারোপ করা ঠিক নয়। গগৈ দাবি করেন, তিনি এই বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিফোনে দীর্ঘ আলাপ করেছেন। তার মতে, বাংলাদেশে ধর্মীয় বিদ্বেষ নিয়ে বিজেপির প্রচারণা শেখ হাসিনার সরকারের প্রচেষ্টাকে ভুল বার্তা দেবে। সাবেক জনপ্রিয় মুখ্যমন্ত্রী গগৈ বলেন, ভারতের সামপ্রতিক নাগরিকত্ব বিল শেখ হাসিনার ধর্মনিরপেক্ষতার চেষ্টাকে খাটো করবে। এর মাধ্যমে দুই দেশের সম্পর্ক অস্বাভাবিক করবে। সমপ্রতি ভারতের লোকসভায় বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে ধর্মীয় বিদ্বেষের শিকার হয়ে পালিয়ে আসা অমুসলিমদের নাগরিকত্ব দিতে একটি বিল পাস হয়।
