বিকল্পধারার প্রেসিডেন্ট এবং যুক্তফ্রন্টের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ.কিউ.এম বদরুদ্দোজা চৌধুরী বিএনপিকে সরকারের ভুলত্রুটি এবং নিজেদের ভুলত্রুটি তুলে ধরার জন্য সংসদে বসার আহ্বান জানিয়েছেন। বি. চৌধুরী গতকাল রবিবার বিকালে রাজধানীর বিএমএ মিলনায়তনে মেজর (অব) আবদুল মান্নান এমপি ও মাহী বি. চৌধুরী এমপির সম্বর্ধনা উপলক্ষে বিকল্প যুবধারা আয়োজিত অনুষ্ঠানে এ আহ্বান জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রীর একটি বক্তব্য প্রতিধ্বনি করে আমিও বলবো বিএনপির উচিত হবে সংসদে বিরোধী দল হিসেবে তাদের সঠিক ভূমিকা রাখা। নিজেদের ভুলত্রুটি এবং সরকারের ভুলত্রুটি সম্পর্কে সংসদে সাহসী উচ্চারণের মাধ্যমে বিএনপি সঠিক ভূমিকা রাখতে পারে। এটা ভবিষ্যতে বাংলাদেশে গণতান্ত্রিক রাজনীতি চর্চার জন্য অপরিহার্য। বি. চৌধুরী বলেন, সঠিকভাবে গণতন্ত্রের চর্চা না হলে এবং সংসদকে এই গণতন্ত্রিক চর্চার মূল কেন্দ্র হিসেবে প্রমাণিত করতে না পারলে, সংসদে বিরোধী দল যোগদান না করলে, একদিকে বিরোধী দলের ভবিষ্যত্ , অন্যদিকে বাংলাদেশের গণতান্ত্রিক ভবিষ্যত্ অনিশ্চিত হয়ে পড়তে পারে।
ঐক্যফ্রন্টের চেয়ারম্যান ড. কামাল হোসেনের জামায়েতের সঙ্গে রাজনীতি না করার ঘোষণাকে অভিনন্দন জানিয়ে বি, চৌধুরী বলেন, তিনি (ড. কামাল) জামায়াতীদের সঙ্গে রাজনীতি করবেন না, আমাদের রাজনীতির সঙ্গে বিলম্বে হলেও ঐকমত্য পোষণ করার জন্য তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। তবে ড কামালরা যাদের সঙ্গে ঐক্য করেছেন তারা মানচিত্রকে অস্বীকার করে, সেই স্বাধীনতাবিরোধীদের সঙ্গে আমরা ঐক্য করি নাই। বি. চৌধুরী বলেন, বিকল্পধারা বাংলাদেশ মনে করে, বাংলাদেশের ভবিষ্যত্ রাজনীতির জন্য এখনো যারা স্বাধীনতা বিরোধী তাদের চূড়ান্ত উপলব্ধির সময় এসেছে। সাবেক এই রাষ্ট্রপতি বিকল্পধারার নবনির্বাচিত এমপি’দের অভিনন্দন জানান। তিনি বলেন, আমরা একটি সক্রিয় সংসদ চাই। তিনি বলেন , জীবনের শেষ মুহূর্তে সুন্দর স্বপ্ন বাস্তবায়ন দেখে যেতে চাই। তিনি মহাজোটের সঙ্গে আলোচনা করে যুক্তফ্রন্ট ও বিকল্পধারার সমস্ত নেতা-কর্মীদের উপজেলা ও ই্উনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের জন্য সংগঠিত হওয়ার আহ্বান জানান।
বিকল্প ধারার মহাসচিব মেজর (অব) আব্দুল মান্নান বলেন, আমাদের কিছু ভুলের কারণে সারা দেশে বিকল্প ধারা সেভাবে গড়ে ওঠেনি। কিন্তু আমাদের বিএনপি ছেড়ে আসা সঠিক সিদ্ধান্ত ছিল। স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে আমাদের আরো আগেই ১৪ দলের সঙ্গে নির্বাচনে আসা উচিত্ ছিল। তাহলে দল আরো সংগঠিত হতো।
মাহী বি চৌধুরী ঐক্যফ্রন্ট নেতা ড. কামাল, আসম রব ও মাহমুদুর রহমান মান্নার ঐক্যফ্রন্টে যোগদানের পটভূমি ব্যাখা করে বলেন, ড কামালকে স্বাধীনতা বিরোধীদের বিষয়ে লিখিতভাবে জানানো সত্বেও ওই নেতাদের বোধোদয় হয়নি। মাহী বলেন, দেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্র চলছে সে চক্র থেকে আমরা যে বেরিয়ে আসতে পেরেছি এ জন্য শুকরিয়া। বিকল্প যুবধারার সভাপতি উপাধ্যক্ষ আসাদুজ্জামান বাচ্চুর সভাপতিত্ব ও যুবধারার সাধারণ সম্পাদক মোস্তফা সারোয়ারের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তৃতা করেন বিকল্পধারার প্রেসিডিয়াম সদস্য শমসের মবিন চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য সাবেক এমপি মজহারুল হক শাহ চৌধুরী, প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মুহম্মদ ইউসুফ, বিকল্পধারার সহ সভাপতি মাহমুদা চৌধুরী, এনডিপির চেয়ারম্যান গোলাম মোত্তোজা, বিজেডির চেয়ারম্যান মাহবুবুর রহমান জয় চৌধুরী প্রমুখ।
