ভেষজ

গুণেভরা ডেউয়া

আপডেট : ২৪ অক্টোবর ২০২০, ২১:৩৮

শচীন্দ্র নাথ গাইন

 

অঞ্চলভেদে এর নাম ডেউফল, ডেলোমাদার, ডেহুয়া, ঢেউফল, বন কাঁঠাল, বর্তা প্রভৃতি। বর্ষাকালের ফল। বনজঙ্গলে বেড়ে ওঠা ডেউয়াগাছের উচ্চতা ২০-২৫ ফুট। এর কাঠ বেশ শক্ত ও উন্নত মানের। মার্চ মাসে ফুল ধরে। ফুলের কোনো পৃথক পাপড়ি নেই, দেখতে ছোট গুটির মতো। স্ত্রী ও পুরুষ ফুল আলাদা। শুধু স্ত্রীফুলেই ফল হয়।

কাঁঠালের মতো যৌগিক বা গুচ্ছ ফল। বহিরাবরণ এবড়োথেবড়ো, অসমান। কাঁচা ডেউয়া সবুজ রঙের, তবে পাকলে হলুদ বর্ণের হয়। ভেতরের শাঁস বা কোয়া লালচে হলুদ রঙের। সাধারণত আগস্ট মাস থেকে এ ফল পাকতে শুরু হয়। কাঁচা ফল খুব টক। কিন্তু পাকা ফল রসালো এবং মজাদার টক-মিষ্টি স্বাদযুক্ত। মরিচ-লবণ দিয়ে মাখানো ডেউয়াভর্তা খুব মুখরোচক।

অসাধারণ ভেষজ ও পুষ্টিগুণসম্পন্ন ফল। একে ভিটামিন সি, পটাশিয়াম ও ক্যালসিয়ামের আধার বলা হয়। তাছাড়াও  প্রচুর আমিষ, খনিজ, খাদ্যশক্তি ও শর্করা রয়েছে। তৃষ্ণা নিবারণ, বমি বমি ভাব রোধ, ত্বকের খসখসে ভাব দূর, কোষ্ঠকাঠিন্য নিরাময়,  সানস্ট্রোকের ঝুঁকি কমানো, দাঁত ও হাড়ের ক্ষয় রোধ, ত্বক-চুল-নখ-মাড়ির রোগ প্রতিরোধ, রক্তচাপ নিয়ন্ত্রণ, লিভারজনিত রোগ ও হূদরোগ নিরাময়ে পাকা ডেউয়া ফল অত্যন্ত উপকারী।