সংবাদ সংক্ষেপ

আপডেট : ২৫ অক্টোবর ২০২০, ২১:২৬

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালকের মতবিনিময়

গোপালগঞ্জ প্রতিনিধি গোপালগঞ্জ জেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নতুন মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম। শনিবার বিকালে গোপালগঞ্জ প্রাইমারি শিক্ষক ট্রেনিং ইনস্টিটিউটে আয়োজিত মতবিনিময় সভায় গোপালগঞ্জের পাঁচ উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তারা অংশ নেন।

পূজামণ্ডপে অনুদান প্রদান

চাটমোহর (পাবনা) সংবাদদাতা চাটমোহর পৌরসভার মেয়র ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মির্জা রেজাউল করিম দুলাল শনিবার রাতে পৌর এলাকার ১০টি ও বিলচলন ইউনিয়নের দুটি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি প্রতিটি মণ্ডপে ৩ হাজার টাকা করে মোট ৪২ হাজার টাকা অনুদান প্রদান করেন।

দুস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর অনুদানের চেক বিতরণ

চর ফ্যাশন (ভোলা) সংবাদদাতা চর ফ্যাশনের ৩৫টি দুস্থ পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের অনুদানের চেক বিতরণ করা হয়েছে। রবিবার স্থানীয় সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ চেক বিতরণ করেন। এর আগে তিনি চর ফ্যাশনে কর্মরত জাতীয় দৈনিকের ৯ জন সংবাদকর্মীর মধ্যে করোনাকালীন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের বিশেষ আর্থিক সহায়তায় প্রধানমন্ত্রীর চেক বিতরণ করেন।

ফ্রি মেডিক্যাল ক্যাম্প

হোমনা (কুমিল্লা) সংবাদদাতা উপজেলা ছাত্রলীগের উদ্যোগে হোমনায় রবিবার ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ উপলক্ষ্যে সাধারণ পথচারীদের মধ্যে মাস্ক, হ্যান্ড সেনিটাইজার ও সাবান বিতরণ করা হয়। উপজেলা শিল্পকলা একাডেমি মাঠে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করেন কুমিল্লা-২ হোমনা-তিতাস আসনের এমপি সেলিমা আহমাদ।

পূজামণ্ডপগুলোতে নিয়োজিত আনসার-ভিডিপি

গৌরনদী (বরিশাল) সংবাদদাতা শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে গৌরনদী উপজেলার ৮১টি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক কাজ করছেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মোবাইল স্ট্রাইকিং ফোর্স ও  কুইক রেসপন্স টিম। উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মরিয়ম আক্তার জানান, তার নেতৃত্বে ১০০ জন আনসার সদস্যের সমন্বয়ে ১০টি মোবাইল টিম প্রতিটি পূজামণ্ডপে আইনশৃঙ্খলা রক্ষায় সার্বক্ষণিক কাজ করছেন।

সনাতন ধর্মাবলম্বীদের বস্ত্র বিতরণ

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) সংবাদদাতা শারদীয় দুর্গা উত্সব উপলক্ষ্যে পাকুন্দিয়া পৌরসভার অসহায় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে। রবিবার উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিনের উদ্যোগে শ্রী শ্রী পাগল নাথ আশ্রমে এসব বস্ত্র বিতরণ করা হয়। উপজেলা পূজা উদ্যাপন পরিষদের সভাপতি গোপাল চন্দ্র সরকারের সভাপতিত্বে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মিছবাহ উদ্দিন এসব বস্ত্র বিতরণ করেন।

বিশ্ব হাত ধোয়া দিবস পালিত

নাঙ্গলকোট (কুমিল্লা) সংবাদদাতা নাঙ্গলকোট উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে জাতীয় স্যানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষ্যে আলোচনা সভা হয়েছে। রবিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও লামইয়া সাইফুলের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

বিনা মূল্যে চক্ষুশিবির

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা সৈয়দপুরে কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মসূচির আওতায় বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে। ওব্যাট কানাডার অর্থায়নে ও থিংক ট্যাং নীলসাগরের আয়োজনে শনিবার দিনব্যাপী শহরের চাঁদনগর ওব্যাটের নিজস্ব অফিস চত্বরে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়। ৪০০ জন রোগীকে প্রাথমিক সেবা দেওয়া হয়। কমিউনিটি আই কেয়ার অ্যান্ড রিসার্চ সেন্টারের সহকারী নির্বাহী পরিচালক মো. ফয়জুর রহমানের তত্ত্বাবধানে ১০ জন বিশেষজ্ঞ সেবাদান করেন।

মাস্ক-গ্লাভস বিতরণ

সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা সদরপুর উপজেলায় ৪০টি মণ্ডপে রবিবার শারদীয় দুর্গাপূজার মহানবমী উত্সব সম্পন্ন হয়। সদরপুর পূজা উদ্যাপন কমিটির সভাপতি গোবিন্দ চন্দ্র বিশ্বাস প্রতিটি মণ্ডপে ৫০টি মাস্ক ও ৫০টি হ্যান্ড গ্লাভস বিতরণ করেন।