টাঙ্গাইলের পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় মির্জাপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে শুভেচ্ছা জানিয়েছেন।
রবিবার রাতে তিনি পুলিশ প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মির্জাপুর উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন তার স্ত্রীসহ পরিবারের সদস্যরা।
আজ সোমবার মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান জানান, পুলিশ সুপার মহোদয় রাতে মির্জাপুর উপজেলা সদরের কালিবাড়ি পূজা মণ্ডপ ও এশিয়া খ্যাত দানবীর রণদা প্রসাদ সাহার নিজ গ্রাম মির্জাপুর সাহাপাড়া গ্রামের পূজা মণ্ডপ এবং কুমুদিনী কমপ্লেক্স পরিদর্শন করেন। কালিবাড়ি পূজা মণ্ডপের সভাপতি সুভাষ সাহা, সাধারণ সম্পাদক উত্তম কুমার সাহাসহ সদস্যদের হাতে এবং কুমুদিনী কল্যাণ সংস্থার পরিচালক শ্রী মতি সাহার হাতে পূজার শুভেচ্ছা উপহার তুলে দেন।
মণ্ডপ পরিদর্শন শেষে পুলিশ সুপার সঞ্জিত কুমার রায় বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। সরকারের সুষ্ঠু পরিকল্পনা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সুশিল সমাজের নেতৃবৃন্দ এবং টাঙ্গাইল জেলা প্রশসানের প্রতিটি অধিদপ্তরের কর্মকর্তাদের সার্বিক সহযোগিতায় চলমান করোনার মধ্যেও সামাজিক দূরত্ব বজায় রেখে মির্জাপুর উপজেলার ২১০ টি পূজা মণ্ডপসহ টাঙ্গাইলের ১২ উপজেলার প্রতিটি মণ্ডপে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে শারদীয় দুর্গা পূজা উদযাপন হয়েছে। এ সময় মির্জাপুর থানার অফিসার ইনচার্জ মো. সায়েদুর রহমান, ওসি (তদন্ত) মো. গিয়াস উদ্দিন উপস্থিত ছিলেন।
এদিকে মির্জাপুর পৌরসভার মেয়র সালমা আক্তার শিমুল, উপজেলা পরিষদের ভাইস চোরম্যান মো. আজাহারুল ইসলাম সিকদার, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো. শামীম আল মামুন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মো. মাজাহরুল ইসলাম শিপুল এবং বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহ সম্পাদক মো. তাহরীম হোসেন সীমান্ত বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
ইত্তেফাক/এমআরএম

