সকাল কিংবা বিকেলের নাস্তায় স্বাদে ভিন্নতা আনার ইচ্ছে থাকে সবারই। ভিন্ন স্বাদের তিন পদের নাস্তার রেসিপি নিয়ে আজকের আয়োজন। রেসিপিগুলো দিয়েছেন মায়িশা আতিয়া
বার-বি-কিউ বিফ পপারস
উপকরণ :গরুর মাংস ১/২ কেজি, কাঁচা মরিচ বাটা ১ চা চামচ, আদা বাটা ১/২ চা চামচ, রসুন বাটা ১/২ চা চামচ, লবণ পরিমাণমতো, বাটার ২ চা চামচ, রসুন কুচি ১ চা চামচ, ময়দা ১ কাপ, তেল পরিমাণমতো, টমেটো সস ৩ টেবিল চামচ, ওয়েস্টার সস ২ টেবিল চামচ, সয়া সস ২ টেবিল চামচ, বার-বি-কিউ সস ১/৪ কাপ, গোলমরিচ গুঁড়া ১/৪, চিলি ফ্লেক্স স্বাদ অনুযায়ী, ডিম ১টি, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ।
প্রণালি :প্রথমে গরুর মাংস কিউব করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে। এবার আদা, রসুন, পেঁয়াজ, লবণ, মরিচ বাটা দিয়ে মেখে ১ ঘণ্টা মেরিনেট করে রাখতে হবে। এরপর মাংসের টুকরোগুলো শুকনো ময়দায় গড়িয়ে ডিমের গোলায় ডুবিয়ে আবার ময়দায় গড়িয়ে নিয়ে ডুবো তেলে ভেজে রাখতে হবে। এখন একটি প্যানে বাটার গরম করে রসুন কুচি দিয়ে ভেজে একে একে সব সস দিয়ে ভালো করে নেড়ে ভাজা মাংসের সঙ্গে মিশিয়ে গোল মরিচ, চিলি ফ্লেক্স দিয়ে নামিয়ে সুন্দর করে সাজিয়ে পরোটার সঙ্গে পরিবেশন করুন।
প্রন ফ্রাই
উপকরণ :প্রন মাঝারি সাইজের ১৫/২০টি, কর্নফ্লাওয়ার ১/২ কাপ, ময়দা ১ কাপ, লবণ পরিমাণমতো, সয়াসস ২ চা চামচ, অয়েসটার সস ১/২ চা চামচ, আদার রস ১/২ চা চামচ, হলুদ গুঁড়া ১/২ চা চামচ, কাঁচা মরিচ বাটা ১ চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, সামান্য পরিমাণ সয়াবিন তেল, ব্রেড ক্রাম ১ কাপ।
প্রণালি :প্রথমে মাছ পরিষ্কার করে ধুয়ে লবণ, লেবুর রস, সস, হলুদ, মরিচ, আদার রস ভালো করে মাছের সঙ্গে মিশিয়ে ৩০ মিনিট রেখে দিতে হবে। এরপর ময়দা ও কর্নফ্লাওয়ার, লবণ, পানি দিয়ে মিশিয়ে একটা ব্যাটার তৈরি করতে হবে। চুলায় তেল গরম করে মাছগুলো ব্যাটারে ডুবিয়ে ব্রেড ক্রামে গড়িয়ে ভালো করে ২/৩ মিনিট কড়া আঁচে ভাজলেই তৈরি হয়ে যাবে প্রন ফ্রাই। তারপর সসের সঙ্গে পরিবেশন করুন।
ব্রেড সমুচা
উপকরণ :পাউরুটি ৬ পিস, চিকেন কিমা ১/২ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ কুচি ১/২ টেবিল চামচ, ধনেপাতা কুচি ১/২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, আদা ১/২ চা চামচ, রসুন বাটা ১/২ চা চামচ, পাউডার দুধ ২ চা চামচ, ডিম ২টি, ময়দা ১/২ কাপ, সয়াবিন তেল পরিমাণমতো।
প্রণালি :পাউরুটির চারপাশ কেটে নিতে হবে। চুলায় তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি একটু ভেজে চিকেন কিমা, আদা, রসুন, মরিচ, লবণ ও সামান্য একটু পানি দিয়ে ভালো করে নাড়তে হবে। কিমার পুর হয়ে এলে দুধ দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে ঠাণ্ডা করতে হবে। এবার পাউরুটি বেলুন দিয়ে হালকা একটু চেপে নিয়ে তাতে কিমার পুর ভরে সমুচার আকারে বানিয়ে ব্যাটারে (ময়দা, ডিম, সামান্য লবণ দিয়ে ভালো করে মিক্স করলেই ব্যাটার তৈরি) ডুবিয়ে ডুবো তেলে ভেজে নিলেই তৈরি হয়ে গেলো ব্রেড সমুচা।
