ইত্তেফাক রিপোর্ট
সেরা ১০ নারী উদ্যোক্তাকে সম্মাননা দিল উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম-উই। গতকাল রাজধানীর একটি রেস্টুরেন্টে দুই দিনব্যাপী সামিটে বাছাইকৃত বিভিন্ন ক্যাটাগরিতে বছর জুড়ে সেরা কাজের জন্য ‘পোস্ট সামিট সেলিব্রেশন ২০২০’ শীর্ষক অনুষ্ঠানে এই সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার এবং বিশেষ অতিথি ছিলেন দৈনিক ইত্তেফাক ও পাক্ষিক অনন্যা সম্পাদক তাসমিমা হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উইয়ের অ্যাডভাইজার রাজিব আহমেদ ও প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা।
দীপঙ্কর তালুকদার এমপি বলেন, বর্তমান সরকার নারীদের অগ্রযাত্রা ও নারীর ক্ষমতায়নকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। উইয়ের এই উদ্যোগ ই-কমার্স সেক্টরে নারীদের উপস্থিতিকে আরো বেগবান করবে।
তাসমিমা হোসেন বলেন, নারীকে প্রতিটি ধাপে আরো এগিয়ে নিতেই ৩৩ বছর আগে তিনি একটি উদ্যোগ নেন। সেটিই আজকের ‘পাক্ষিক অনন্যা’। অনন্যা গত ২৫ বছর ধরে বিভিন্ন ক্ষেত্রে নারীর অবদানকে স্বীকৃতি দিতে ‘অনন্যা শীর্ষ-১০’ সম্মাননা প্রদান করে। নারীর অগ্রযাত্রাকে উত্সাহিত করার লক্ষ্যে সেরকম একটি উদ্যোগ নিয়েছে উই। তিনি উইয়ের সাফল্য কামনা করেন।
এর আগে সোমবার উইমেন অ্যান্ড ই-কমার্স ফোরাম ও বাংলাদেশ ইনোভেশন ফোরামের আয়োজনে দুই দিনব্যাপী উইমেন ই-কমার্স এন্ট্রাপ্রেনিওরশিপ সামিট ২০২০-এর সমাপনী অনুষ্ঠানে যুক্ত হন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি। উইয়ের প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশার সভাপতিত্বে অতিথি হিসেবে যুক্ত হন ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার, উইয়ের অ্যাডভাইজরবৃন্দ এবং ই-কমার্স সেক্টরের অনেক গুণী।
জুনায়েদ আহমেদ পলক এমপি বলেন, দেশীয় পণ্যের এই নারীভিত্তিক প্ল্যাটফরমটিকে সব সময় আইসিটি ডিভিশন সমর্থন করে। আইসিটি সেক্টরে নারীদের অংশগ্রহণকে উত্সাহিত করতে এই কার্যক্রমের প্রশংসা করেন তিনি।
শমী কায়সার বলেন, ‘আমরা ই-ক্যাব সব সময় নিশার এই উদ্যোগকে আরো সফল করতে সহযোগিতা করি, এই সামিট দেশীয় ই-কমার্সেও এক নতুন বার্তা দিয়ে গেল।’
