সাজগোজের শ্রেষ্ঠ সময় শীতকাল। এসময় পরা যায় সব ধরনের পোশাক। তা ছাড়া বিভিন্ন ধরনের উত্সবের আয়োজন তো লেগেই থাকে। তাই উত্সবের ধরন বুঝে যেমন পরতে হয় পোশাক, নির্বাচন করতে হয় সাজের ধরন; তেমনি পুরো সাজের কাঙ্ক্ষিত লুক পেতে চাইলে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে চুলের সাজ।
শীতকালে ভালোলাগার বিষয় হলো চুলের যেকোনো সাজ স্বাচ্ছন্দ্যে করা যায়। এই সময়ে চুলের কয়েকটি সাজ নিয়ে এবারের পরামর্শ।
চুল সাজানো সামগ্রী
যেকোনো হেয়ারস্টাইলের জন্য কিছু প্রয়োজনীয় সামগ্রী প্রয়োজন হয়। চুল আঁচড়ানোর জন্য মোটা দাড়ার চিরুনি ব্যবহার করুন। সাধারণত চুলের জট ছাড়ানোর জন্য হেয়ার ব্রাশ বা চিরুনির দরকার হয়। শ্যাম্পু করার আগে সব সময় চুলের জট ছাড়িয়ে নেবেন। কেননা ভেজা চুলে জট ছাড়াতে গেলে বেশি চুল ছিড়ে যাওয়ার আশঙ্কা থাকে। আর ব্লো-ড্রাই করতে চাইলে সিনথেটিক, গোলমুখযুক্ত দাড়াওয়ালা চওড়া ব্রাশ ভালো হয়। ব্লো-ড্রায়ারে যেহেতু ড্রায়ার ব্যবহার হয়, তাই হিট প্রটেকটিভ সিরাম ব্যবহার করুন। হালকা মুজ ব্যবহার করলে চুলের ভলিউম বেশি মনে হবে এবং চুল দীর্ঘক্ষণ সেট থাকবে, নষ্ট হবে না।
ক্লিপ
ক্লিপ হলো চুল বাঁধার ক্ষেত্রে জরুরি উপকরণ। বাজারে নানা মাপের ক্লিপ পাওয়া যায়। সব সময় কালো ক্লিপ ব্যবহার করাই ভালো। চুলে ক্লিপ আটকানোর সময় এমন ভাবে আটকানো উচিত যেন ক্লিপ আড়াল হয়ে থাকে, দেখা না যায়। এবং খুলে না যায় সেটিও খেয়াল রাখতে হবে। বাজারে বিভিন্ন ধরনের স্টোন ও অন্যান্য সিকোয়েন্স-এর ক্লিপ পাওয়া যায়। যা চুলকে পরিপাটি করে সাজিয়ে তুলতে ব্যবহার করতে পারেন।
কাঁটা
কাঁটা অনেক সময়ই দরকার পড়ে। খুব ব্যস্ততার সময়ে এলো খোঁপা করতেই হোক বা বাহারি নকশি খোঁপা করতেই হোক তখন কাঁটার দরকার পড়ে। বর্তমানে বিভিন্ন ডিজাইনের নকশিওয়ালা কাঁটা কিনতে পাওয়া যায়। সেগুলো সংগ্রহে রাখতে পারেন। সাধারণ কোনো খোঁপা করে তার সঙ্গে পোশাকের চাহিদা অনুযায়ী মিলিয়ে খোঁপায় নকশি কাঁটা ব্যবহার করলে সাধারণ একটি খোঁপাও হয়ে উঠতে পারে অসাধারণ।
হেয়ার স্প্রে
আপনি যেভাবেই চুল বাঁধুন না কেন হালকা হেয়ার স্প্রে-র ব্যবহার আপনার চুলের সাজের স্থায়িত্ব বাড়িয়ে তুলতে পারে। সুন্দর একটি চুলের সাজে অনেক সময় দেখা যায় ছোট ছোট কিছু চুলের জন্য সাজটি পরিপাটি দেখায় না। সেক্ষেত্রে সামান্য হেয়ার স্প্রে ব্যবহারে সেগুলোকে সেট করে নিলে চুলের ফিনিশিং আসে। তাই বিশেষ করে খোঁপার ক্ষেত্রে হালকা স্প্রে-র ব্যবহার অত্যন্ত জরুরি।
শীতের এই সময়ে চুলের সাজের ক্ষেত্রে চুল বেঁধে রাখা বা খোলা রাখা সবটাই স্বস্তিদায়ক। তবে চুলের স্টাইলের ক্ষেত্রে বিবেচনার বিষয় হলো আপনার পোশাক, অনুষ্ঠানের ধরন, মুখের গড়ন, বয়স ও ব্যক্তিত্ব। শীতকালে প্রকৃতিতে অসংখ্য রং ও ভিন্ন ভিন্ন ফুলের সমাগম রয়েছে। তাই চুল সাজাতে ব্যবহার করতে পারেন তাজা ফুল।
সাইড সিঁথি করে সামনের সাইড ও টপের চুলগুলো হালকা পাফ করে ফুলিয়ে সেট করুন। এবার নিচের দিকের চুলগুলো ইলেকট্রনিক্স কালার ব্যবহার করে সফট কার্ল ব্যবহার করতে পারেন। এই হেয়ারস্টাইলটি শীতকালে যেকোনো পোশাক ও অনুষ্ঠানের সাজে মানানসই ও স্বস্তিদায়ক।
বাঙালি নারী শাড়িতে যেমন অতুলনীয় তেমনি শাড়ির সঙ্গে খোঁপা মানানসই। সাইট সিঁথি করে দুই সাইডে হালকা টুইস্ট করে পিছনে মেসিবান করতে পারেন। চাইলে এই মেসিবানটিকে সাজিয়ে নিতে পারেন শীতের মৌসুমের মানানসই ফুল দিয়ে।
স্ট্রেট খোলা চুলের আবেদন সবসময় সবক্ষেত্রে। পোশাক যাই হোক যেমন শাড়ি, সালোয়ার-কামিজ, ফতুয়া, জিনস-টপস কিংবা জমকালো কোনো পার্টি পোশাক যাই হোক না কেন স্ট্রেট খোলা চুল সবকিছুতেই মানানসই। তাই চুল খোলা রাখতে চাইলে এবং স্ট্রেট করতে চাইলে চুল আগে অবশ্যই শ্যাম্পু করে ভালোভাবে শুকিয়ে নিন। তারপর হেয়ার সিরাম ব্যবহার করুন এবং আয়রন করে চুল স্ট্রেট করে নিন।
লেখক :বিউটি এক্সপার্ট ও সত্ত্বাধিকারী, মিউনী’স ব্রাইডাল
মডেল আফরিন
পোশাক রঙ বাংলাদেশ
মেকআপ মিউনী’স ব্রাইডাল
ছবি তাহের মানিক
