প্রায় ২ কোটি টাকার অবৈধ সম্পদের অভিযোগে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের সহকারী ব্যবস্থাপক ও সিবিএ নেতা সৈয়দ নাসির উদ্দিন আহাম্মদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল মঙ্গলবার দুদকের উপসহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়-১-এ মামলাটি দায়ের করেন।
মামলায় বলা হয়, দুদকের নোটিশের পরিপ্রেক্ষিতে তিতাসের সহকারী ব্যবস্থাপক নাসির উদ্দিন ২০১৯ সালের ৬ মে সম্পদ বিবরণী দাখিল করেন। ঐ বিবরণীতে তিনি ১৭ লাখ ৫৫ হাজার ৬২৩ টাকার স্থাবর ও ৯ লাখ ৪০ হাজার টাকার অস্থাবর সম্পত্তি মিলিয়ে মোট ২৬ লাখ ৯৫ হাজার ৬২৩ টাকার সম্পদ দেখান। তিনি দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১ কোটি ১৬ লাখ ৭২ হাজার ১৪০ টাকার স্থাবর-অস্থাবর সম্পত্তির তথ্য গোপন বা মিথ্যা দিয়েছেন প্রমাণিত হয়। তিনি অবৈধ উপায়ে মোট ৮০ লাখ ২৯ হাজার টাকার সম্পত্তি অর্জন করেছেন যা শাস্তিযোগ্য অপরাধ।
দুদক সূত্রে আরো জানা গেছে, নাসির উদ্দিনের নামে আইএফআইসি ব্যাংকের মিরপুর শাখায় এফডিআর হিসাবে ১ কোটি টাকা পাওয়া গেছে। এছাড়া একই ব্যাংকের সঞ্চয়ী হিসাব ও তার প্রতিষ্ঠান সৈয়দ এন্টারপ্রাইজের হিসাবে ৮২ হাজার ৭৬৩ টাকা পাওয়া গেছে। সব মিলিয়ে ১ কোটি ৮২ হাজার ৭৬৩ টাকার সন্ধান মিলেছে দুদকের অনুসন্ধানে।
