হাসিবুর রহমান
একসময় শীত মৌসুমে বাঙালির উষ্ণতা আবদ্ধ ছিল কেবল সোয়েটার, শাল আর জ্যাকেটে। সেই বাঙালির পছন্দ এখন লেদার ওয়্যার। লেদার জ্যাকেট শুধু ফ্যাশনই নয়, ব্যক্তিত্ব ও আভিজাত্যের প্রতীকও বটে। স্টাইলে আসবে স্মার্ট লুক। হালের ফ্যাশন ডিজাইনাররা এই জ্যাকেটকে দিয়েছেন বহু রূপ। বিভিন্ন ওয়্যারের সঙ্গে সহজেই মানিয়ে যায় এই জ্যাকেট। মেয়েদের ফ্যাশনেবল লং কোট বা সোয়েটার না হয় পুরো শীতেই চলে। ওয়েস্টার্ন ধারার টি-শার্ট, লেদার ওয়্যার, জিন্স আর বুটের ফ্যাশন তো সব সময় চলতেই পারে। ছেলেদের ফ্যাশনে লেদার ওয়্যার বেশ জনপ্রিয়। খুব বেশি ভিন্নতা না এলেও চিনো প্যান্ট বা জোগারের সঙ্গে লেদার ওয়্যার বেশ মানানসই। সঙ্গে ছেলেরা জুড়ে নিতে পারেন নানা স্টাইলিশ এক্সেসরিজ। ব্যস হট পার্টি লুক! এবারের শীতের ফ্যাশনেও লেদারের জ্যাকেটে এসেছে নতুনত্ব। সাধারণত পাতলা ও মোটা দুই ধরনের লেদারের জ্যাকেটই পাওয়া যায়। পিওর সিনথেটিক ও মিক্সড লেদার এই দুই ধরনের জ্যাকেট বাজারে পাওয়া যাচ্ছে। ডিজাইন ও প্যাটার্নেও আনা হয়েছে ভিন্নতা। যেমন :ভেলেন্ট লেদার রাইডিং জ্যাকেট, ইলাস্টিক, বোম্বার স্টাইল, পুলিশ জ্যাকেট, প্রাঙ্ক, রকস্টার ইত্যাদি। রয়েছে হুডি লেদারের জ্যাকেটও। প্রচণ্ড শীতে ঝটপট হুডি তুলে নেওয়া যাবে যখন তখন। তা ছাড়া স্লিভলেস লেদারের জ্যাকেটও অনেক তারুণ্যের পছন্দ। গরুর চামড়া দিয়ে তৈরি লেদারের জ্যাকেট বেশ সহজলভ্য। বেশি দামি লেদারের তালিকায় আছে ভেড়ার চামড়ার লেদার। রয়েছে র্যাকসিনের জ্যাকেটও যা মূলত নিম্নবিত্ত থেকে মধ্যবিত্ত, সবার হাতের নাগালেই। কিন্তু দামে সহজলভ্য হলেও খুব একটা টেকসই হয় না। বেছে নিতে পারেন সিনথেটিক বা আর্টিফিশিয়াল লেদারের জ্যাকেটও। মনে রাখতে হবে আসল চামড়ার জ্যাকেটের মূল্য একটু বেশিই। লেদার ওয়্যারের দরদামও নির্ভর করে লেদার, ডিজাইন ও মানভেদে। বাজারে সাধারণত ৩ হাজার টাকা থেকে ৫ হাজার টাকার মধ্যে মিলবে লেদারের জ্যাকেট। একটু ভালো লেদার ওয়্যার পেতে দেশি ও বিদেশি শো-রুমগুলোতে ঢুঁ মারতে পারেন। পাওয়া যাবে ৫ হাজার টাকা থেকে ২০ হাজার টাকায়। লেদারের জ্যাকেট কিনতে আপনি এক্সট্যাসি, ইজি, ফ্রিল্যান্ড, প্যারিস গ্যালারি, ওয়েস্টটেক্স, ব্যান্ড কিউসহ বিভিন্ন শো-রুমে ঢুঁ মারতে পারেন। এ ছাড়া রাজধানী ঢাকার নিউমার্কেট, মেট্রো শপিং মল, রাইফেল স্কয়ার, পলওয়েল মার্কেট, বসুন্ধরা সিটি, পুলিশ প্লাজা, যমুনা ফিউচার পার্ক, গুলশান, ধানমন্ডিসহ মিরপুরের শপিং মলগুলো ঘুরে দেখতে পারেন।
জ্যাকেটের যত্ন
লেদারের জ্যাকেট একদিকে যেমন ফ্যাশনেবল, অন্যদিকে এর যত্নটাও কিছুটা কঠিন। কেননা, লেদার ওয়্যার অযত্ন করলে নষ্ট হয়ে যায়। লেদারের জ্যাকেট পরিষ্কার করতে চাইলে ড্রাই ক্লিনারে পাঠাতে হবে। যদি কখনো পানি লেগে যায় তবে সঙ্গে সঙ্গে মুছে রোদে শুকাতে দিন। তবে খুব কড়া রোদে একেবারেই নয়।
মডেল সানজু
পোশাক ইজি
ছবি আকিব রায়হান
