ড্রয়েও নাখোশ নয় রিয়াল

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ২০:৫১

বায়ার্ন-সিটির দুর্দান্ত জয়

; এক নজরে ;

লোকোমটিভ মস্কো       ১-২  বায়ার্ন মিউনিখ

শাখতার ডোনেস্ক         ০-০  ইন্টার মিলান

অ্যাটলেটিকো মাদ্রিদ     ৩-২  স্যালসবুর্গ

মনশেনগ্ল্যাডব্যাচ          ২-২  রিয়াল মাদ্রিদ

পোর্তো                      ২-০ অলিম্পিয়াকোস

অলিম্পিক মার্সেই        ০-৩  ম্যানচেস্টার সিটি

লিভারপুল                  ২-০  মিডজিল্যান্ড

আটালান্টা                  ২-২  আয়াক্স

 স্পোর্টস ডেস্ক

পরাজয়টা নিশ্চিতই ছিল রিয়াল মাদ্রিদের। কারণ, বরুশিয়া মনশেনগ্ল্যাডব্যাচের বিপক্ষে ৮৬ মিনিট অবধি ২-০ গোলে পিছিয়ে ছিল তারা। তবে, ছয় মিনিটের মধ্যে দুই গোল পরিশোধ করে প্রতিপক্ষের মাঠ থেকে রোমাঞ্চকর এক ড্র আদায় করে নিতে পেরেছে জিনেদিন জিদানের দল।

মঙ্গলবার রাতে ‘বি’ গ্রুপের রোমাঞ্চকর ম্যাচটির পর তাই নাখোশ হওয়ার কোনো সুযোগ ছিল না কোচ জিদানের। তিনি বলেন, ‘আমরা ভাবিনি ম্যাচটা এমন নাটকীয় হবে। তবে আমার দল দেখিয়েছে যে, তারা জানে কীভাবে ঘুরে দাঁড়াতে হয়। আমার মনে হয় প্রথমার্ধে আমরা খুব ভালো খেলেছি। বড় হতাশা হলো, মারাত্মক এক ভুলে আমরা প্রথম গোলটা হজম করেছি। তবে, শেষ সময়ে ম্যাচে ফিরতে পেরে আমি উচ্ছ্বসিত।’

গ্রুপের অন্য ম্যাচে ইন্টার মিলানের সঙ্গে গোলশূন্য ড্র করা শাখতার দোনেত্স্ক দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। মনশেনগ্ল্যাডব্যাচ ও ইন্টারের পয়েন্ট সমান দুই করে। গত সপ্তাহে শাখতারের মাঠে ৩-২ গোলে হেরে আসর শুরু করা রিয়াল এক পয়েন্ট নিয়ে গ্রুপের তলানিতে।

নিজেদের মাঠ অ্যানফিল্ডে মঙ্গলবার ‘ডি’ গ্রুপের ম্যাচে ২-০ গোলে মিডজিল্যান্ডের বিপক্ষে  জিতেছে প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন লিভারপুল। দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে লিভারপুল।

গ্রুপের আরেক ম্যাচে ইতালিয়ান ক্লাব আটালান্টার মাঠে দুই গোলে এগিয়ে গিয়েও ২-২ ড্র করেছে আয়াক্স। চার পয়েন্ট নিয়ে দুইয়ে আছে ইতালিয়ান দল আটালান্টা। এক পয়েন্ট নিয়ে তিনে আয়াক্স। মিডজিল্যান্ড এখনো কোনো পয়েন্ট পায়নি।

অন্যদিকে, ফরাসি ক্লাব অলিম্পিক মার্সেইয়ের মাঠে দারুণ জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। ৩-০ গোলের জয় নিয়ে ফিরেছে সিটি। টানা দুই জয়ে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে পেপ গার্দিওলার দল। গ্রুপের অন্য ম্যাচে অলিম্পিয়াকোসকে ২-০ গোলে হারিয়েছে এফসি পোর্তো। সমান তিন করে পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পোর্তো দ্বিতীয় ও অলিম্পিয়াকোস তৃতীয় স্থানে রয়েছে। এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি মার্সেই।

ইউরোপিয়ান চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখও দারুণ ছন্দে আছে। লোকোমটিভ মস্কোর বিপক্ষে মঙ্গলবার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে ২-১ গোলে জিতেছে জার্মান ক্লাবটি। অন্যদিকে অ্যাটলেটিকো মাদ্রিদ ৩-২ গোলে হারিয়েছে স্যালজবুর্গকে।