একটা কিছুর ধ্বনন

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ১৯:২৭

 

শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি

একটা কিছুর ধ্বনন

বুকের ভেতর বাজছে কেবল

ঝনঝনাঝন ঝনন।

 

সবাই মিলে একটি মজার

কূপ করেছি খনন

কূপের ভেতর জন্ম নেবে

ব্যাঙাচি নয়, ব্যাঙাচি নয়—

অতুল মেধা মনন।

 

কেমন মেধা? কিসের মনন?

যায় না করা গণন

দেখছি অবাক নিত্য কূপে

জন্ম তো নয়, জন্ম তো নয়—

হচ্ছে প্রাণী হনন।

 

হনন দেখে ভাসাচ্ছি গা

যাচ্ছি ভুলে জনন?

সামনে ব্যাপার আনন্দময়

পাচ্ছি কি টের? পাচ্ছি কি টের?

কিসের অনুরণন?

 

অনুরণন মানেই হলো

নতুন সুরে স্বনন

সবাই জানি আসবে সুদিন

শুনতে পাচ্ছি শুনতে পাচ্ছি

একটা কিছুর ধ্বনন।