সাভারে গুলি করে ৬ লাখ টাকা ছিনতাই

আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ২২:১৮

ফাঁকা গুলি ছুড়ে দুর্বৃত্তদের পলায়ন

ইত্তেফাক রিপোর্ট

সাভারের আমিনবাজারে ফিল্মি স্টাইলে প্রকাশ্যে এক ইতালি প্রবাসীকে গুলি করে প্রায় ৬ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে দুর্বৃত্তরা। গতকাল সকালে আমিনবাজার এলাকার তুরাগ ব্রিজের কাছে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ প্রবাসীর নাম মোহাম্মদ আমানুল্লাহ। তার বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তিনি ঢাকার কেরানীগঞ্জ থানার সিরাজনগর বটতলী এলাকার সিদ্দিক আলীর ছেলে। স্থানীয়রা গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে। ঘটনার সময় তার স্ত্রী সঙ্গে ছিলেন। তবে তিনি অক্ষত আছেন।

প্রবাসীর স্ত্রী সুমা আক্তার জানান, তার স্বামী দীর্ঘদিন ইতালি ছিলেন। এক মাস আগে দেশে ফিরেছেন। বাড়ি নির্মাণের জন্য সকাল পৌনে ১১টার দিকে ইসলামী ব্যাংকের আমিনবাজার শাখা থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা তুলে প্রাইভেটকারে করে দুই জন বাড়ি ফিরছিলেন। তাদের বহনকারী গাড়িটি ঢাকা-আরিচা মহাসড়কের পার্শ্ববর্তী ভাকুর্তা লোহার ব্রিজ পার হয়ে কিছুটা এগিয়ে পুলিশ চেকপোস্টের সামনে পৌঁছালে পাঁচটি মোটরসাইকেলযোগে ১০ জন ছিনতাইকারী গাড়ির গতিরোধ করে। এ সময় তারা তাকে গাড়ি থেকে নামিয়ে মারধর শেষে পায়ে একটি গুলি করে টাকার ব্যাগ ছিনিয়ে নেয়। এরপর ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে আমিনবাজারের দিকে পালিয়ে যায়। তিনি আরো বলেন, ছিনতাইকারীদের কয়েক জনকে তিনি ব্যাংকের ভেতরে দেখেছেন। তারা ব্যাংক থেকে তাদের ওপর নজর রাখছিল।

সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা জানান, প্রবাসী আমানুল্লার পা থেকে একটি গুলি বের করা হয়েছে। তবে তিনি সুস্থ আছেন। তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। বিষয়টি নিয়ে পুলিশ, র্যাব ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম কাজ করছে।