চলচ্চিত্র পরিচালক সমিতি নির্বাচন

এফডিসি প্রাঙ্গণে ভোটের হাওয়া

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২০:৪৭

 

এফডিসি প্রাঙ্গণ এখন জমজমাট অবস্থা। নিয়মিত শুটিংয়ের পাশাপাশি আসন্ন চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচন নিয়ে পুরো এফডিসি প্রাঙ্গণে বইছে ভোটের হাওয়া। গত ১১ জানুয়ারি প্রকাশিত হয়েছে খসড়া প্রার্থী তালিকা। পছন্দের প্রার্থীর জন্য ভোট চাইতে শুরু করেছেন পরিচালকরা।

এবারের নির্বাচনে সভাপতি পদে নির্বাচন করবেন বাদল খন্দকার ও মুশফিকুর রহমান গুলজার। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মনতাজুর রহমান আকবর ও শাহ আলম কিরণ ।

অন্যদিকে মহাসচিব পদে নির্বাচন করবেন বর্তমান মহাসচিব বদিউল আলম খোকন, বজলুর রাশেদ চৌধুরী ও সাফিউদ্দিন সাফি। উপ-মহাসচিব পদে প্রার্থী হয়েছেন পল্লী মালেক, রকিবুল আলম রকিব আর শাহিন সুমন। কোষাধ্যক্ষ পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো: সালাহউদ্দিন, সেলিম আজম। সাংগঠনিক পদে কবিরুল ইসলাম রানা, মোস্তাফিজুর রহমান মহারাজ, মোঃ জয়নাল আবেদীন। আন্তর্জাতিক ও তথ্য প্রযুক্তি সচিব পদে বিপ্লব শরীফ, মোস্তাফিজুর রহমান মানিক নির্বাচনে অংশগ্রহণ করবেন।

সাংস্কৃতিক ও ক্রীড়া সচিব পদে নির্বাচন করবেন ওয়াজেদ আলী বাবলু ও শাহিন কবির টুটুল। প্রচার, প্রচারণা ও দপ্তর সচিব পদের জন্য নির্বাচনে অংশগ্রহণ করবেন আনোয়ার সিরাজী, হানিফ আকন দুলাল।

এছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্যের দশটি পদের জন্য মোট প্রার্থী হয়েছেন ২৩ জন। চলচ্চিত্র পরিচালক সমিতির এবারের নির্বাচনে ভোট প্রদান করবেন ৩৬১ জন সদস্য। নির্বাচনে জয়ী প্রার্থীরা আগামী দুই বছর চলচ্চিত্র পরিচালক সমিতিকে নেতৃত্ব দেবেন। দেশের চলচ্চিত্রের এই হাওয়া বদলের সময়ে পরিচাক সমিতির সক্রিয় ভুমিকাই ভোটারদের প্রত্যাশা। পরিচালকদের বিভিন্ন সমস্যা ও চলচ্চিত্র উন্নয়নের লক্ষ্যে কাজ করতে চান প্রার্থীরা।

উল্লেখ্য, ২০১৭-১৮ মেয়াদে সভাপতির দায়িত্ব পালন করছেন মুশফিকুর রহমান গুলজার ও সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছেন বদিউল আলম খোকন।