মেসি-রোনালদো দ্বৈরথ হলো না
এক নজরে
ক্রাসনোদার ০ :৪ চেলসি
ইস্তানবুল ০ : ২ পিএসজি
সেভিয়া ১ : ০ রেনে
বরুসিয়া ডর্টমুন্ড ২ : ০ জেনিথ
ক্লাব ব্রুজ ১ : ১ ল্যাজিও
জুভেন্তাস ০ : ২ বার্সেলোনা
ফেরেঙ্কভারোস ২ : ২ ডায়নামো কিয়েভ
ম্যান ইউ ৫ : ০ লিপজিগ
উসমান দেম্বেলে ও লিওনেল মেসির গোলে জুভেন্তাসের মাঠে প্রথমবারের মতো জয়ের দেখা পেল বার্সেলোনা। তবে করোনা পজিটিভ ক্রিশ্চিয়ানো রোনালদো খেলতে না পারায় ফুটবল বিশ্বের সেরা দ্বৈরথটির দেখা মিললো না।
গত বুধবার রাতে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স লিগের খেলাগুলোয় এ ছাড়াও জিতেছে ম্যানচেষ্টার ইউনাইটেড, চেলসি, পিএসজি ও বরুশিয়া ডর্টমুন্ডের মতো বড় দলগুলো।
জুভেন্তাসের মাঠে করোনা পজিটিভ হওয়ার কারণে ছিলেন না তাদের বড় তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। আবার অফসাইডের কারণে আলভারো মোরাতোর তিনটি গোল বাতিল হয়ে গেলে ২-০ হার ছাড়া কোনো উপায় থাকে না স্বাগতিকদের। মোরাতার দুটি প্রয়াস ছিল প্রথমার্ধে। অপরটি বাতিল হয় ভিএআর এর সুবাদে। তার মধ্যে ইতালির ক্লাবটির হতাশা বাড়িয়ে ডিফেন্ডার মেরিহ ডেমিরাল ৮৫তম মিনিটে মাঠছাড়া হন। এরপর যোগ হওয়া সময়ের প্রথম মিনিটেই পেনাল্টি থেকে গোলটি করেন মেসি। এর আগে দেম্বেলে ১৪তম মিনিটে দলকে এগিয়ে রাখেন।
সবমিলিয়ে ক্লাব সভাপতি ও মেসির বিপক্ষ হোসে মারিয়া বার্তেমেউয়ের পদত্যাগের পর জয়ী সূচনা হলো স্পানিশ ক্লাবটির। বার্তেমেউর আগের দিনই দীর্ঘদিনের চাপের মুখে পদত্যাগ করেন। চ্যাম্পিয়ন্স লিগের ‘জি’ গ্রুপে দুই জয়ে ছয় পয়েন্ট পেয়ে শীর্ষে থাকলো মেসিরা। সমান দুই খেলায় জুভেন্তাসের অর্জন তিন পয়েন্ট।
ম্যানচেস্টার ইউনাইটেডের জয়টি সহজ করে দেয় মার্কাস র্যাশফোর্ডের হ্যাটট্রিক। ওল্ড ট্র্যাফোর্ডে আরবি লিপজিগের বিরুদ্ধে দ্বিতীয়ার্ধে বদলি হিসেবেই মাঠে নেমেছিলেন তিনি। এরপর ৭৪তম মিনিট থেকে গোলগুলো করেন তিনি। দলের হয়ে এটাই তার প্রথম হ্যাটট্রিক নৈপুণ্য। অপর দুই গোল দেন ম্যাসন গ্রিনউড ও অ্যান্থনি মার্শাল।
র্যাশফোর্ড চ্যাম্পিয়ন্স লিগে গেল সপ্তাহেও পিএসজির বিরুদ্ধে শেষদিকে গোল করে ইউনাইটেডকে জিতিয়েছিলেন। ফলে এইচ গ্রুপে টানা দুই জয়ে শীর্ষে থাকল কোচ ওলে গুনা সোলসারের দল। র্যাশফোর্ড পরে এ জয়টিকে সত্যিকারের দলীয় নৈপুণ্য বলে মত দেন।
পিএসজি আগের খেলায় হারলেও তুরস্কে গিয়ে ইস্তানবুল বাসাকসেহিরের বিরুদ্ধে ২-০ গোলে জয়ী হয়। যদিও ইনজুরির কারণে প্রথমার্ধেই মাঠ ছাড়তে বাধ্য বিশ্বের সবচাইতে দামী ফুটবলার নেইমার। বিরতির পর কিলিয়ান এমবাপের জোগান থেকে দুটি গোলই করেন এভার্টন থেকে ধারে খেলতে আসা মোইস কিন।
