রাজধানী ঢাকায় চার দিনের ১৪ম আন্তর্জাতিক প্লাস্টিক মেলা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার। মেলায় মেশিনারিজ, মোল্ড, কাঁচামাল উত্পাদনকারী ও সরবরাহকারী প্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের প্লাস্টিকপণ্য উত্পাদনকারী প্রতিষ্ঠান অংশ নেবে। গতকাল সোমবার বাংলাদেশ প্লাস্টিক দ্রব্য প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিপিজিএমইএ) আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের সভাপতি মো. জসিম উদ্দিন।
বিপিজিএমইএ অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক সভাপতি এ এস এম কামাল উদ্দিন, মো. ইউসুফ আশরাফ, ফেরদৌস ওয়াহেদ, শামিম আহমেদ, শাহেদুল ইসলাম হেলাল, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি গিয়াসউদ্দিন আহমেদ, সহ-সভাপতি কে এম ইকবাল হোসেন, সৈয়দ তাহসিন হক ও যৌথ আয়োজক প্রতিষ্ঠান ইয়রকার ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস কোম্পানির চেয়ারম্যান যুডি ওয়াং প্রমুখ।
বৃহস্পতিবার ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) অনুষ্ঠিত মেলা উদ্বোধন করবেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। মেলা চলবে প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত। বাংলাদেশসহ ১৯টি দেশের ৪৮০ প্রতিষ্ঠানের ৭৮০টি স্টল অংশ নেবে।
জসিম উদ্দিন বলেন, প্লাস্টিক শিল্পের সব ধরনের প্রযুক্তি যন্ত্রপাতি ও নতুন পণ্য মেলায় প্রদর্শন করা হবে। এসব উত্পাদন সহায়ক যন্ত্র ও কৌশল দেখে মেলায় থেকে দেশীয় ক্ষুদ্র উদ্যোক্তারা উপকৃত হবেন। দেশে বর্তমানে ২৫ হাজার কোটি টাকার প্লাস্টিক পণ্যের বাজার রয়েছে। এই বাজার থেকে সরকার ৩ হাজার ৫০০ কোটি টাকার রাজস্ব পাচ্ছে। এ খাতে মোট ১২ লাখ লোকের কর্মসংস্থান রয়েছে। এ খাতকে আরো শক্তিশালী করতে সমিতির উদ্যোগে একটি ইন্সটিটিউট গড়ে তোলা হচ্ছে। যেখান থেকে শিক্ষিত, অর্ধশিক্ষিতদের প্রশিক্ষণ দেওয়া হবে। পাশাপাশি প্লাস্টিক শিল্পের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। এটি বাস্তবায়ন হলে প্লাস্টিক খাতের অনেক পরিবর্তন আসবে।
বিপিজিএমইএ সভাপতি বলেন, বাজার চাহিদার কারণে পুরান ঢাকায় যত্রতত্র গড়ে ওঠা প্লাস্টিক কারখানাগুলো এখন কিছুটা সংস্কার হলেও দুর্ঘটনার ঝুঁকি রয়েছে। এ কারণে এগুলোকে দ্রুত স্থানান্তর করা প্রয়োজন। পরিকল্পনা অনুযায়ী, প্লাস্টিক পল্লীর জন্য মুন্সিগঞ্জে জায়গা অধিগ্রহণ করা হচ্ছে। তবে এর অগ্রগতি আশানুরূপ নয়। তবে বেজার সঙ্গে আলোচনা হয়েছে, তারা নারায়ণগঞ্জের আড়াইহাজারে জাপানি অর্থনৈতিক অঞ্চলের পাশে জমি দিতে সম্মতি দিয়েছে।
