মার্কিন বাহিনী প্রত্যাহারের পর সিরিয়ার কুর্দি বাহিনীগুলোকে আক্রমণ করলে ‘তুরস্ককে অর্থনৈতিকভাবে ধ্বংস’ করে দেওয়া হবে বলে হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বিবিসি জানায়, রবিবার দুটি টুইটে এ হুমকি দেওয়ার পাশাপাশি ট্রাম্প এ কথাও বলেছেন যে, তিনি চান না কুর্দিরা তুরস্ককে উত্ত্যক্ত করুক।
সিরিয়ার উত্তরাঞ্চলে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে মার্কিন বাহিনী ও কুর্দি মিলিশিয়ারা একসঙ্গে লড়াই করেছে। কিন্তু তুরস্ক, যুক্তরাষ্ট্র সমর্থিত সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) জোটের বৃহত্তম শরিক কুর্দিদের পিপলস প্রটেকশন ইউনিটকে (ওয়াইপিজি) সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। এই গোষ্ঠীটির প্রতি মার্কিন সমর্থন নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান গোষ্ঠীটিকে নির্মূল করার শপথ করেছেন।
সিরিয়া থেকে মার্কিন বাহিনী প্রত্যাহার শুরু হওয়ার পর কুর্দিদের ওপর তুরস্কের হামলার আশঙ্কাকে সামনে রেখে ট্রাম্প দেশটিকে হুঁশিয়ার করলেন। কিন্তু তুরস্ক ওয়াইপিজিকে আক্রমণ করলে দেশটির অর্থনীতি কিভাবে বিপর্যয়ের শিকার হতে পারে টুইটে তা পরিষ্কার করেননি ট্রাম্প; শুধু ‘২০ মাইলব্যাপী একটি নিরাপদ জোন’ গড়ে তোলা হবে জানিয়েছেন।
