দ্বিতীয় ওয়ানডে আজ
স্পোর্টস রিপোর্টার
সব ঠিকঠাকই চলছি। মাঠে দারুণ পারফরম্যান্স ছিল, মাঠের বাইরেও ভারতীয় দল ঘুরে বেড়াচ্ছিল ফুরফুরে মেজাজে। হঠাত্ করেই শুরু হলো দুর্ভোগ। অস্ট্রেলিয়ার মাটিতে ওয়ানডে সিরিজটা শুরু হলো পরাজয় দিয়ে। এর ওপর আগেই টেলিভিশন অনুষ্ঠানে বেফাঁস মন্তব্য করার জের ধরে সাময়িক নিষিদ্ধ লোকেশ রাহুল ও হার্দিক পান্ডিয়া ফিরে গেছেন দেশে। তাই মাঠ এবং মাঠের বাইরে হুট করেই ছন্দে থাকা দলটির এখন ঘোরতর দুর্দিন। এমন যখন অবস্থা তখন বিরাট কোহলির দলকে মাঠে মনোনিবেশ করতেই হচ্ছে। কারণ আজই যে মাঠে গড়াচ্ছে সিরিজের দ্বিতীয় ওয়ানডে। আজ অ্যাডিলেডের ওয়ানডেতে হেরে গেলেই ওয়ানডে সিরিজটা চলে যাবে অস্ট্রেলিয়ার দখলে। তাই আপাতত মাঠের সমস্যা সমাধানে মরিয়া ভারতীয় দল।
অ্যারন ফিঞ্চের অধিনায়কত্বে অস্ট্রেলিয়া ৩৪ রানে প্রথম ওয়ানডে ম্যাচ জিতে তিন ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গিয়েছে। এই সিরিজকেই দুই দল বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ হিসেবে বেছে নিয়েছে। প্রথম ম্যাচে ভারতের হয়ে ব্যাট হাতে সবচেয়ে বেশি আলোচিত হন রোহিত শর্মা। তার ব্যাট থেকে এসেছিল ১২৯ বলে ১৩৩ রানের ইনিংস। যদিও এই বীরোচিত ইনিংসও ভারতকে জয় এনে দিতে পারেনি। রোহিত শর্মা ছাড়াও রান এসেছে ধোনির ব্যাট থেকে। যদিও ৯৬ বলে ধোনির ৫১ রানের ইনিংস নিয়েও সমালোচনা কম হয়নি। কারণ ওডিআই-এর হিসেবে অনেকটা বেশি সময় নিয়ে ফেলেছিলেন তিনি। কিন্তু অস্ট্রেলিয়ার বোলাররাও ভারতীয় ব্যাটসম্যানদের ক্রিজে টিকতে দেননি।
অস্ট্রেলিয়ার হয়ে সফলতম বোলার ঝাই রিচার্ডসন। চার উইকেট নেন তিনি। জেসন বেহেনড্রফ ও মার্কাস স্টোইনিস দুটো করে উইকেট নেন। যার ফলে ৫০ ওভারে নয় উইকেট হারিয়ে ভারত করতে পারে মাত্র ২৫৪ রান। অস্ট্রেলিয়া নিজেদের ইতিহাসের এক হাজারতম ওয়ানডে ম্যাচ জিতে যায়।
সিরিজে ফেরার ম্যাচকে সামনে রেখে রোহিত শর্মা আগের হার থেকে শিক্ষা নিতে বললেন, ‘আমাদের প্রথম ম্যাচের হার থেকে শিক্ষা নিতে হবে। শুরুতে তিন উইকেট পড়ে গেলে কী ভাবে খেলা উচিত, সেটা আমরা বুঝতে পারলাম। আমাদের চাপটা সামলাতে হবে। আশা করব, সিরিজের পরের দু’টো ম্যাচে এই অভিজ্ঞতা কাজে লাগবে।’
দুই নিষিদ্ধ ক্রিকেটারের বদলি হিসেবে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরের জন্য ভারতীয় দলে ডাকা হয়েছে অল রাউন্ডার বিজয় শঙ্কর ও ব্যাটসম্যান শুভমান গিলকে। তবে আজ কারো অভিষেক হয়ে যাবে কি না, সেই ব্যাপারে আগাম কোনো আভাস পাওয়া যায়নি। তবে সাম্প্রতিক সময়ে ভারতের তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সে বেশ সন্তুষ্ট প্রধান নির্বাচক এমএসকে প্রসাদ। তিনি ভারতে বসেই বললেন, ‘শাস্ত্রী, দ্রাবিড়ের সঙ্গে নিয়মিত তরুণদের নিয়ে আলোচনা হয়। ওদের নিয়ে পরিকল্পনা তৈরি করি। যাতে সর্বোচ্চ স্তরে ওদের কোনো সমস্যা না হয়।’
অ্যাডিলেডের প্রচণ্ড গরম আজ ভোগাতে পারে ভারতকে। অ্যাডিলেডের তাপমাত্রা থাকার কথা ৪১ ডিগ্রি সেন্টিগ্রেড। তা কেমন কষ্টকর হতে পারে, তার একটা আভাস সোমবারই পেয়ে গেল ভারত। এদিন ৩৭ ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেই একদিনের সিরিজে সমতা ফেরার লক্ষ্যে অনুশীলনে নেমে পড়লো ভারত। বোঝাই যাচ্ছে সিরিজে ফিরতে কতটা মরিয়া বিরাট কোহলির দল।
