ইনজুরির কবলে এভিন লুইস

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২১:৩৩

কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলটি এরই মধ্যে ইনজুরির কারণে অনেক বড় একটা ধাক্কা খেয়েছে। অনেক কাঠখড় পুড়িয়ে দলে আনা অস্ট্রেলিয়ান তারকা স্টিভেন স্মিথ ইনজুরির কারণে দেশে ফিরে গেছেন। কনুইতে অস্ত্রোপচার করতে হওয়ায় তিনি আর বিপিএলে খেলতে পারছেন না। এর মধ্যেই ইনজুরির নতুন ধাক্কা হয়ে এলেন এভিন লুইস। হ্যামাস্ট্রিংয়ে চোট পেয়েছেন দলের এই ওপেনার। চিটাগং ভাইকিংসের বিপক্ষে হেরে যাওয়া টানটান উত্তেজনার ম্যাচে ব্যাটিংয়ের সময় এই চোট পান লুইস। ইনিংসের ১৩তম ওভারে চোট পেয়ে শেষ পর্যন্ত স্ট্রেচারে করে মাঠ ছাড়েন তিনি; তখন ৩৮ রানে ব্যাট করছিলেন এই ক্যারিবিয় তারকা। পরে কুমিল্লা দলের পক্ষ থেকে জানানো হয়, লুইস দলের সঙ্গে সিলেটে যাচ্ছেন। সেখানে গতকাল সকালে তার এমআরআই করানো হয়েছে। রিপোর্ট হাতে না পেলেও দলের একটি সূত্র জানিয়েছে, তার চোট খুব গুরুতর নয়।