জিতেছেন শারাপোভা, ওজনিয়াকিও
স্পোর্টস ডেস্ক
রাফায়েল নাদাল গত সেপ্টেম্বরের পর কম খেলতে বাধ্য হলেও অস্ট্রেলিয়ান ওপেনে সহজ সূচনা করেছেন। জয়ে সূচনা করেছেন মারিয়া শারাপোভা এবং ক্যারোলিন ওজনিয়াকিও; কিন্তু টুর্নামেন্টটির উদ্বোধনী দিনেই তীব্র লড়াইয়ের পর হার মেনেছেন অ্যান্ডি মারে।
নাদাল বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম ওপেনে গতকাল সোমবার ৬-৪, ৬-৩ ও ৭-৫ গেমে ওয়াইল্ড কার্ড পেয়ে খেলতে আসা অস্ট্রেলিয়ান জেমস ডাকওয়ার্থকে হারান। রড লেভার অ্যারিনায় গত বছরের আসরে কোয়ার্টার ফাইনালে অবসর নিতে বাধ্য হওয়ার পর এই প্রথম খেলতে নামলেন তিনি।
স্প্যানিশ এই খেলোয়াড় হাঁটুর ইনজুরির কারণে ইউএস ওপেনের সেমিফাইনালেও অবসর নিতে বাধ্য হয়েছিলেন। তারপর থেকে আর খেলেননি ১৭টি গ্র্যান্ড স্ল্যাম জয়ী নাদাল। মাঝে নভেম্বরে তার ডান গোড়ালিতে অস্ত্রোপচারও করাতে হয়েছিল।
অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নামার আগে ব্রিসবেনের এক প্রস্তুতিমূলক আসর থেকেও নাম প্রত্যাহার করে নিয়েছিলেন তিনি। এ কারণেই কাল জয়ের পর বলেন, ‘ইনজুরির পর আবার শুরু করা খুবই কঠিন। আমি এটা ভাল করেই জানি। এ জন্যই এটা গুরুত্বপূর্ণ এক বিজয়। কারণ বেশ কিছু সময়ের মধ্যে এটা প্রথম জয়। একই সাথে এর মধ্য দিয়ে আমি আবারো কোর্টে থাকছি।’
এবারের আসরে দ্বিতীয় বাছাই নাদাল গ্র্যান্ড স্ল্যামের প্রথম রাউন্ডে কেবল দুইবার হেরেছিলেন। একটি হলো ২০১৩ সালের উইম্বলডনে, অপরটি অস্ট্রেলিয়ান ওপেনেই ২০১৬ আসরে।
মারে হেরেছেন ৬-৪, ৬-৪, ৬-৭ (৫-৭), ৬-৭ (৪-৭), ৬-২ গেমে। ৩১ বছর বয়সী এই বৃটিশ খেলোয়াড়টি গত শুক্রবারই জানিয়েছিলেন পিঠের লেগে থাকা ব্যথার কারণে তিনি হয়তো এ বছরই টেনিস থেকে অবসর নিতে পারেন। সেরকমটা হলে ধারণা করা যায় অস্ট্রেলিয়ান ওপেনে এটাই হয়তো তার শেষ ম্যাচ। যদিও মেলবোর্ন পার্কের দর্শকরা তাকে রবার্তো বাতিস্তা অগাতের বিরুদ্ধে তৃতীয় ও চতুর্থ সেট জয়ের সময় বিপুল সমর্থন দিয়েছিলেন।
মারিয়া শারাপোভার প্রথম রাউন্ডের রেকর্ডও ভাল। রুশি এই টেনিস খেলোয়াড় প্রথম রাউন্ডে হ্যারিয়েট ডার্টকে ৬-০, ৬-০ গেমে হারান। দ্বিতীয় বাছাই এঞ্জেলিক কেরবার পোলোনা হেরকগকে হারিয়েছেন ৬-২, ৬-২ গেমে। জিতেছেন বর্তমান চ্যাম্পিয়ন ওজনিয়াকিও। তিনি ৬-৩, ৬-৪ গেমে হারান অ্যালিসন ফন উটভ্যাঙ্ককে।
ওজনিয়াকি এবারের অস্ট্রেলিয়ান ওপেনে তৃতীয় বাছাই। শিরোপা রক্ষার লড়াইয়ে কাল তিনি স্বচ্ছন্দেই খেলেন এবং পরে জানান মেলবোর্ন পার্কে শিরোপাধারী হিসেবে খেলতে আসাটা দারুণ এক অনুভূতি। গ্র্যান্ড স্ল্যাম আসরে সক্রিয় নারী খেলোয়াড়দের মধ্যে প্রথম রাউন্ডে সেরেনা উইলিয়ামসের পর শারাপোভার রেকর্ডই সবচেয়ে ভাল। প্রথম রাউন্ডের লড়াইয়ে তিনি কতটা ভাল তারই জানান দিয়ে কালকের খেলাটি জিতে নেন ৬৩ মিনিটে। -সুপারস্পোর্ট/বিবিসি
