স্পোর্টস ডেস্ক
টটেনহ্যামকে হারিয়ে অন্তর্বর্তীকালীন কোচ ওলে গুনার সোলসারের অধীনে প্রিমিয়ার লিগে টানা পঞ্চম জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। দলের জয়ে প্রধান নায়ক ছিলেন ম্যানইউর স্প্যানিশ গোলরক্ষক ডেভিড ডি গিয়া। ম্যাচ শেষে তার বীরত্বে দারুণ প্রশংসা করেছেন সোলসার।
মরিনহোর পদচ্যুতির পর অন্তর্বর্তীকালীন কোচ সোলসারের অধীনে নতুন প্রাণের সঞ্চার হয়েছে ইউনাইটেডে। নতুন গুরুর অধীনে নিজেদের প্রথম চারটি লিগ ম্যাচে প্রতিপক্ষের জালে ১৪ বার বল জড়িয়ে সবকটিতেই জয়লাভ করেছিলো রেড ডেভিলরা। তবে প্রতিপক্ষ কার্ডিফ সিটি, হাডার্সফিল্ড, বোর্নমাউথ এবং নিউক্যাসলের মতো দল হওয়ায় টটেনহ্যামের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচটিকে সোলসারের জন্য বড় পরীক্ষা হিসেবে ধরা হচ্ছিলো। সে পরীক্ষায় কি দারুণভাবেই না উতরে গেলেন নরওয়েজিয়ান কোচ!
আক্রমণ-পাল্টা আক্রমণে ঠাসা ম্যাচটিতে মার্কাস র্যাশফোর্ডের একমাত্র গোলে জয়লাভ করে সোলসারের শিষ্যরা। ৪৪ মিনিটে গোলটি করেন ইংলিশ ফরোয়ার্ড। তবে ইউনাইটেডের জয়ের পেছনে তার চেয়েও বেশি অবদান ডি গিয়ার। পুরো ম্যাচে ১১টি বল ঠেকিয়ে দিনশেষে জয়ের নায়ক বনে গেলেন তিনিই। এমন নৈপুণ্যে দারুণ এক কীর্তিও গড়ে বসেছেন তিনি। প্রিমিয়ার লিগের এক ম্যাচে কোনো গোল হজম না করে সবচেয়ে বেশিবার বল ঠেকানোর কৃতিত্ব গড়লেন স্প্যানিশ গোলরক্ষক। আর তাতেই ভেস্তে গেছে হ্যারি কেইন, ডেলে আলি, ক্রিশ্চিয়ান এরিকসেনদের দারুণ সব আক্রমণ।
তার এমন নৈপুণ্যের পর সংবাদ সম্মেলনে কোচ জানালেন ইউনাইটেড ইতিহাসের সেরা গোলরক্ষক হবার দৌড়ে ডি গিয়া চ্যালেঞ্জ জানাচ্ছেন সোলসারের সাবেক দুই সতীর্থ পিটার স্মাইকেল এবং এডউইন ভ্যান ডার সারকে। ইউনাইটেড কোচ বলেন, ‘এই ক্লাবে আমাদের বেশ কয়েকজন অসাধারণ গোলরক্ষক ছিলো। ইতিহাসের পাতায় শীর্ষে জায়গা করে নেবার জন্য ডি গিয়া ইতোমধ্যেই এডউইন ফন ডার সার ও পিটার স্মাইকেলকে চ্যালেঞ্জ জানাচ্ছে।’
ওয়েম্বলিতে এমন জয়ের পর উচ্ছ্বসিত সোলসার জানান, ‘এখানে জয় পাওয়াটা সত্যিই অসাধারণ। ড্রেসিং রুমের উদযাপনটাও দারুণ হয়েছে।’
গত ১৯ ডিসেম্বর ইউনাইটেডের অস্থায়ী কোচ হিসেবে দায়িত্ব নেবার সময় সোলসার ইউনাইটেডকে আর্সেনালের থেকে আট পয়েন্ট পিছনে দেখেছিলেন; কিন্তু এখন গানারদের সাথে সমান ৪১ পয়েন্ট নিয়ে টেবিলের ষষ্ঠ স্থানে রয়েছে ইউনাইটেড। টেবিলের শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নেওয়াই এখন ইউনাইটেডের মূল চ্যালেঞ্জ। ইউনাইটেডের জয়ের নায়ক ডি গিয়া জানান শীর্ষ চারে জায়গা করে নিতে আত্মবিশ্বাসী দল। তিনি বলেন, ‘আমরা এখনো বিশ্বাস করি যে আমরা শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করতে পারবো। আমরা একতাবদ্ধ আছি, আমাদের দারুণ কিছু খেলোয়াড় আছে এবং আমরা শীর্ষ চারের জন্য লড়াই চালিয়ে যাব।’
