স্পোর্টস রিপোর্টার
২০২০ সালে টোকিও অলিম্পিক গেমসকে লক্ষ্য রেখে আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) বৃত্তি নিয়ে বাংলাদেশের সাত ক্রীড়াবিদ প্রশিক্ষণ নিচ্ছেন। এই তালিকায় রয়েছেন আরচারিতে রোমান সানা, বিউটি রায়, সাঁতারে আরিফুল ইসলাম, শ্যুটিংয়ে রিসালাতুল ইসলাম, উম্মে জাকিয়া সুলতানা, শাকিল আহমেদ, আনোয়ার হোসেন। প্রত্যেকের বেতন ৫০০ ডলার করে। দুইজন বিদেশে গিয়েছিলেন বাকিরা দেশে প্রশিক্ষণ নিচ্ছেন। এদের মধ্যে আরচার রোমান সানা সুইজারল্যান্ডে প্রশিক্ষণ নিচ্ছিলেন আর সাঁতারু আরিফুল ইসলাম বর্তমানে প্রশিক্ষণ নিচ্ছেন ফ্রান্সে। রোমান সানা আর সুইজারল্যান্ডে ফিরবে না। সেখানে প্রশিক্ষণের আধুনিক সুযোগ সুবিধা থাকলেও সেগুলো আরো কম জানা আরচারদের জন্য। বরং ঢাকায় ফেডারেশনের ইউরোপীয়ান কোচ মার্টিন ফ্রেডরিকই যথেষ্ট রোমান সানার প্রশিক্ষণের জন্য। আরচ্যারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজিব উদ্দিন আহমেদ চপল জানিয়েছিলেন রোমান সানার উপর নির্ভর করে সে আবার সুইজারল্যান্ডে ফিরবে কিনা।’ গতকাল রোমান সানার কোচ ফ্রেডরিক ফোনে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন রোমান সানার সুইজারল্যান্ডে ফেরা হচ্ছে না।’ আরেক আরচার বিউটি রায় ঢাকায় প্রশিক্ষণ নিচ্ছেন তার পাফরম্যান্স ভালো। আরিফুল চেষ্টা করছেন যেন কোটা প্লেসে টোকিও অলিম্পিকে জায়গা পাওয়া যায়।
জানা গেছে, শ্যুটার শাকলি এবং জাকিয়া ভালো করলেও আনোয়ার হোসেন এবং রিসালাতুল ইসলামের পারফরম্যান্সে সন্তুষ্ট না বিওএ। তাদের পারফরম্যান্স মনিটরিং করা হবে বলে জানিয়েছেন বিওএর উপমহাসচিব আসাদুজ্জামান কোহিনুর। আইওসির বৃত্তি বিফলে যাক এমনটা করবে না বিওএ। প্রয়োজনে বৃত্তিপ্রাপ্তদের তালিকা ছেটে ফেলা হতে পারে। নতুন ক্রীড়াবিদ অন্তর্ভুক্ত করার সুযোগ থাকলে সেটিও করতে পারে বিওএ।
