সোমবার সকালে মঠবাড়িয়ায় বিদ্যালয় আঙ্গিনায় সমবেত ৮শ মায়ের পা ধুয়ে সম্মান জানালো শিক্ষার্থী সন্তানরা। উপজেলার মিরুখালী স্কুল এন্ড কলেজের উদ্যোগে প্রতিষ্ঠান চত্বরে অনুষ্ঠিত মা সমাবেশ শেষে এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।
অনুষ্ঠানে পিরোজপুর-৩ আসনের সংসদ সদস্য ডা. রুস্তুম আলী ফরাজির স্ত্রী খাদিজা আক্তার খুশবু প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ৮শ শিক্ষার্থীর মা উপস্থিত ছিলেন। সমাবেশ শেষে বিদ্যালয়ের সামনে সবুজ চত্বরে ৮শ মাকে বসিয়ে শিক্ষার্থী সন্তানরা পা ধুয়ে মাকে সম্মান জানায়। আর মায়েরা তার সন্তানের মাথায় হাত বুলিয়ে দোয়া করেন।
আয়োজক প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন খানের সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মনিকা আক্তার, একাডেমিক সুপারভাইজার মোঃ রুহুল আমীন, থানার উপ-পরিদর্শক শাহনাজ পারভীন প্রমুখ।
ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা জানান, রবিবার ভূরুঙ্গামারী নেহাল উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে মা সমাবেশের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের সভাপতি ও সদর ইউপি চেয়ারম্যান মাহমুদুর রহমান রোজেনের সভাপতিত্বে মা সমাবেশে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক লুত্ফর রহমান, সহকারী প্রধান শিক্ষক এটিএম খলিলুর রহমান প্রমুখ। সমাবেশ শেষে শিক্ষার্থীরা মায়েদের পায়ে পানি দিয়ে পা ধুয়ে শ্রদ্ধা জানায়।
