পোস্টারে ফেস্টুনে ছেয়ে গেছে বদলগাছী

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২১:৩৯

উপজেলা নির্বাচনী হাওয়া

বদলগাছী (নওগাঁ) সংবাদদাতা

বদলগাছী উপজেলায় নববর্ষের শুভেচ্ছা পোস্টার ফেস্টুন লাগানোর মাধ্যমে শুরু হয়েছে উপজেলা নির্বাচনী প্রচারণা। আওয়ামী লীগ থেকে মনোনয়ন প্রত্যাশী সাতজন প্রচারণা চালাচ্ছে বলে জানা গেছে। নির্বাচন কমিশন আগামী ফেব্রুয়ারি মাসে উপজেলা পরিষদ নির্বাচনী তফসিল ঘোষণার সম্ভাবনার খবর পত্র-পত্রিকায় প্রকাশিত হয়। এরপর থেকে আওয়ামী লীগ থেকে সাতজন সম্ভাব্য প্রার্থী প্রচারণা ও মনোনয়ন প্রত্যাশীর জন্য নববর্ষের শুভেচ্ছা পোস্টার ফেস্টুন লাগানোর পাশাপাশি দলীয়ভাবে লবিং ও স্থানীয় নেতাকর্মীদের কাছে তাদের প্রার্থিতা সম্পর্কে জানান দেওয়ার পাশাপাশি গণসংযোগ শুরু করেছে। আবার কেউ কেউ তাদের মনোনয়ন প্রত্যাশী হওয়ার বিষয়ে দলীয় বড় নেতাকর্মীদের সঙ্গে আলাপ-আলোচনা শুরু করেছেন।

মনোনয়ন প্রত্যাশীরা হলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আ.জা.ম শফি মাহমুদ, সাধারণ সম্পাদক আবু খালেদ বুলু, বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সরদার হেলাল রাবী, আওয়ামী লীগ নেতা বালুভরা ইউপি চেয়ারম্যান শেখ মোঃ আয়েন উদ্দীন, মিঠাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও মিঠাপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফিরোজ হোসেন, আওয়ামী লীগ নেতা ও পাহাড়পুর ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও আধাইপুর ইউপির সাবেক চেয়ারম্যান সামসুল আলম খান।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু খালেদ বুলু, মিঠাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি ও মিঠাপুর ইউপি চেয়ারম্যান মোঃ ফিরোজ হোসেন ও উপজেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ ও আধাইপুর ইউপির সাবেক চেয়ারম্যান সামসুল আলম খান।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আ.জা.ম শফি মাহমুদ জানান, তিনি মনোনয়ন প্রত্যাশী হিসেবে দলীয় নেতাকর্মীদের সঙ্গে কথা বলেছেন। এছাড়াও আওয়ামী লীগ থেকে উপরোল্লিখিত সাতজন মনোনয়ন প্রত্যাশী বলে তিনি জেনেছেন বলে জানান। অপরদিকে বিএনপির সহ-সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান আলী আহম্মেদ রুমি চৌধুরী বলেন, এখনো আমাদের দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে দলটির অন্যতম সদস্য জাকিরতুল্লাহ বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।