শাহাপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়
মদন (নেত্রকোনা) সংবাদদাতা
কর্তৃপক্ষের বিনানুমতিতে এক বছর যাবত্ বিদ্যালয়ে যাচ্ছেন না শাহাপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক মো. মানিক মিয়া। এ ব্যাপারে কর্তৃপক্ষ কারণ দর্শানো নোটিস দিলেও তার জবাব না দিয়ে বিদ্যালয়ে অনুপস্থিত থাকছেন তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন জানান, আমি ২০১৮ সালের ২৩ জানুয়ারি বিদ্যালয়ে যোগদান করার পর থেকেই সহকারী শিক্ষক মো. মানিক মিয়া অনুপস্থিত রয়েছেন। বিষয়টি লিখিতভাবে উপজেলা ও জেলা শিক্ষা অফিসকে জানিয়েছি। তিনি অনুপস্থিত থাকায় বিদ্যালয়ের ক্লাস রুটিন সম্পন্ন করতে না পারায় শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। বিদ্যালয়ের সভাপতি মো. আনোয়ার হোসেন জানান, মানিক মাস্টারকে ব্যক্তিগতভাবে কাজে যোগদানের জন্য একাধিকবার সুপারিশ করলেও যোগদান করবেন বলে আর করেননি। ফলে বিষয়টি রেজুলেশন করে উপজেলা শিক্ষা কর্মকর্তাকে অবহিত করা হয়েছে।
এদিকে অভিযুক্ত সহকারী শিক্ষক মো. মানিক মিয়া বিদ্যালয়ে অনুপস্থিত থাকার সত্যতা স্বীকার করে বলেন, আমার যোগ্যতা থাকার পরেও আমাকে প্রধান শিক্ষক হিসেবে বহাল রাখা হয়নি। তাই আমি হাইকোর্টে রিট করেছি। রায় পেয়েই কাজে যোগদান করব।
উপজেলা শিক্ষা কর্মকর্তা স্বপন কুমার সূত্রধর শাহাপুর-২ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার সত্যতা স্বীকার করে জানান, সহকারী শিক্ষক মো. মানিক মিয়া দীর্ঘ এক বছর যাবত্ বিনানুমতিতে বিদ্যালয়ে অনুপস্থিত রয়েছেন। এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষা কর্মকর্তার মতামত নিয়ে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর প্রতিবেদন দাখিল করা হয়েছে। জেলা শিক্ষা কর্মকর্তা খন্দকার মনসুরুল আলম জানান, মানিক মিয়ার অনুপস্থিতির বিষয়টি অবগত আছি। তবে উপজেলা শিক্ষা অফিস থেকে পূর্ণাঙ্গ প্রতিবেদন না পাঠানোয় এবং এ বিষয়ে মানিক মিয়া হাইকোর্টে রিট করায় দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া যাচ্ছে না।
