সৈয়দপুরের ২১ পরিবারের ৫৪টি ঘরসহ সর্বস্ব ভস্মীভূত

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২১:৪০

সৈয়দপুর (নীলফামারী) সংবাদদাতা

সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী মুন্সিপাড়ায় অগ্নিকাণ্ডে ২১টি পরিবারের ৫৪টি ঘরসহ আসবাবপত্র, কাপড়-স্বর্ণালংকার, ধান-চাল ও নগদ টাকা সব পুড়ে ছাই হয়ে গেছে। রবিবার রাত আনুমানিক ১১টায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর নারী-শিশু ও বৃদ্ধসহ প্রায় দুই শতাধিক সদস্য এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।

জানা যায়, শৈত্যপ্রবাহ থাকায় বাতাসে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে পাড়ার প্রায় সব বাড়িতে। খবর পেয়ে নীলফামারী, সৈয়দপুর ও উত্তরা ইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে এলাকাবাসীর সহযোগিতায় প্রায় ২ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু এর মধ্যেই আশেপাশের ২১টি পরিবারের ৫৪টি ঘর আগুনের লেলিহান শিখায় মুহূর্তেই পুড়ে যায়। এ সময় ঘরগুলো থেকে গবাদি পশু ছাড়া আর কোন জিনিসপত্র সরানো সম্ভব হয়নি। ফলে ওই পরিবারগুলোর সর্বস্ব ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সর্বস্ব হারিয়ে এই কনকনে শীতের রাতে খোলা আকাশের নিচে অবস্থান করছে।

সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নিবার্হী র্কমকর্তা পরিমল কুমার ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আজমল হোসেন সরকার ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা সৈয়দপুর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল ও এক কেজি ডাল এবং তিনটি করে কম্বল দেন। এ সময় তিনি বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে পুনর্বাসনের জন্য সার্বিক সহযোগিতা করা হবে।