ব্রাহ্মণবাড়িয়ায় যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

আপডেট : ১৪ জানুয়ারি ২০১৯, ২১:৪০

পরিবারের দাবি হত্যা

 ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

গতকাল সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় রকিব (২৪) নামে এক যুবকের ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে পুলিশ। দুপুরে জেলা শহরের পৌর এলাকার উত্তর মৌড়াইলের নিজ বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। রকিব ওই এলাকার আব্দুল আজিজের ছেলে। তিনি পেশায় কাপড় সেলাই (দর্জি) এর কাজ করতেন। নিহতের পরিবারের অভিযোগ, দুইদিন আগে কাজীপাড়া এলাকার কতিপয় বখাটে যুবকের সঙ্গে ঝগড়ার জের ধরে রকিবকে পরিকল্পিতভাবে খুন করে ঘরে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) জিয়াউল হক বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করা হয়েছে। লাশটি ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।