শিবচরে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ০১:৫০

‘মুজিববর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র’ এ শ্লোগানকে সামনে রেখে মাদারীপুরের শিবচর থানা পুলিশের উদ্যোগে কমিউনিটি পুলিশিং ডে উদযাপন করা হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) সকালে থানা চত্ত্বরে বিভিন্ন শ্রেণি-পেশার লোকজনের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় বাংলাদেশ পুলিশ হেডকোর্টারের অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির, শিবচর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন। 

এ সময় শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাজন মাদবর, পৌরসভার ৪নং ওয়ার্ডের কাউন্সিলর হানিফ খালাসী, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো. বেলায়েত মোল্লাসহ আরো অনেকেই উপস্থিত ছিলেন। আমন্ত্রিত অতিথিবৃন্দ কমিউনিটি পুলিশিং সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করেন।

আরও পড়ুন: চার্জশিটের বৈধতা নিরূপণেই আদালতে ১৮ বছর পার!

শিবচর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল কালাম আজাদ তার বক্তব্যে বলেন, ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ এই মূলমন্ত্রে উজ্জীবিত হয়ে বাংলাদেশ পুলিশ জনগণ তথা সকল শ্রেণি ও পেশার মানুষের সহযোগিতা নিয়ে পারস্পরিক আস্থা ও সহযোগিতার সম্পর্কের মাধ্যমে মাদক, নারী ও শিশু নির্যাতন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ এবং সকল ধরনের অপরাধ দমনে কাজ করে যাচ্ছে। 

অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির তার বক্তব্যে বলেন, কমিউনিটি পুলিশিং এর মাধ্যমে জনগণ এবং পুলিশের মধ্যে পারস্পরিক আস্থা, শ্রদ্ধাবোধ ও সহযোগিতার সম্পর্ক গড়ে উঠে। ফলে বিভিন্ন ধরনের অপরাধ যেমন-মাদক, নারী ও শিশু নির্যাতন, পারিবারিক সহিংসতা, ইভটিজিং ইত্যাদি নিয়ন্ত্রণ সহজ হয়।

ইত্তেফাক/এএএম