জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য সাহিত্যিক আবুল হাসনাত আর নেই

আপডেট : ০১ নভেম্বর ২০২০, ২০:৫৯

জাতীয় প্রেস ক্লাবের সিনিয়র সদস্য, সাহিত্য পত্রিকা কালি ও কলম সম্পাদক খ্যাতিমান সাহিত্যিক আবুল হাসনাত আর নেই। তিনি আজ রোববার সকাল আটটায় রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি.....রাজিউন)। তিনি ফুসফুস সংক্রমণে আক্রান্ত ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর।

আবুল হাসনাতের স্ত্রী নাসিমুন আরা হক মিনু জাতীয় প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ও নারী সাংবাদিক কেন্দ্রের সভাপতি। তিনি এক মেয়েসহ বহু আত্মীয় স্বজন, বন্ধু-বান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন। নামাজে জানাজা শেষে তাকে বাদ আসর মিরপুর শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হবে।

নন্দিত সাহিত্য সম্পাদক আবুল হাসনাত দৈনিক সংবাদের সাহিত্য সাময়িকী দীর্ঘ ২৪ বছর সুনামের সঙ্গে সম্পাদনা করেছেন। তার নেতৃত্বে কালি ও কলম এবং বেঙ্গল বই প্রকাশনা জগতে বিশেষ স্থান অর্জন করেছে। তিনি চিত্রকলা বিষয়ক ত্রৈমাসিক 'শিল্প ও শিল্পী'রও সম্পাদক ছিলেন।

মাহমুদ আল জামান নামেও লেখালেখি করতেন আবুল হাসনাত। তিনি ১৯৪৫ সালের ১৪ জুলাই পুরান ঢাকায় জন্ম গ্রহণ করেন। তার প্রকাশিত কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে 'জ্যোৎস্না ও দুর্বিপাক, 'কোনো একদিন ভুবনডাঙায়', 'ভুবনডাঙার মেঘ ও নধর কালো বেড়াল'। শিশু ও কিশোরদের নিয়ে রচিত গ্রন্থের মধ্যে রয়েছে 'ইস্টিমার সিটি দিয়ে যায়', 'টুকু ও সমুদ্রের গল্প', 'যুদ্ধদিনের ধূসর দুপুরে', 'রানুর দুঃখ-ভালোবাসা'। তার উল্লেখযোগ্য প্রবন্ধগ্রন্থ হলো সতীনাথ, মানিক, রবিশঙ্কর ও অন্যান্য, জয়নুল, কামরুল, সফিউদ্দীন ও অন্যান্য।

আবুল হাসনাত ১৯৮২ সালে টুকু ও সমুদ্রের গল্পের জন্য অগ্রণী ব্যাংক শিশু সাহিত্য পুরস্কার পেয়েছেন। তিনি ২০১৪ সালে অর্জন করেছেন বাংলা একাডেমির সম্মানসূচক ফেলো।

জাতীয় প্রেস ক্লাব সভাপতি সাইফুল আলম ও সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন এক বিবৃতিতে আবুল হাসনাতের মৃত্যুতে গভীর শোক এবং দুঃখ প্রকাশ করেছেন। নেতৃবৃন্দ বলেন, আবুল হাসনাতের মৃত্যুতে সাহিত্য ও সাংবাদিকতার অপূরণীয় ক্ষতি হয়েছে। তারা শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।